বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গাজায় হামলা বন্ধে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার ভাবনায় স্পেন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৫-২৬ ১৫:০৮:২৫
ছবি সংগৃহিত

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, “এই অমানবিক যুদ্ধ থামাতে হলে নিষেধাজ্ঞার পথ বিবেচনায় আনতে হবে।”
মাদ্রিদে ইউরোপীয় ও আরব দেশগুলোর প্রতিনিধিদের এক বৈঠকের আগে এ বক্তব্য দেন তিনি। ওই বৈঠকে অংশ নেয় ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, মিসর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, আরব লিগ ও ওআইসি। পাশাপাশি অংশ নেয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও ব্রাজিলও।
গাজায় কয়েক মাস ধরে চলা অবরোধে তীব্র খাদ্য, পানি ও ওষুধ সংকট তৈরি হয়েছে। ফলে দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে। ইসরায়েল কিছু সহায়তা ঢুকতে দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
আলবারেস বলেন, “সহায়তা যেন শর্ত ছাড়া প্রবেশ করে এবং তা যেন ইসরায়েলের নিয়ন্ত্রণে না থাকে। গাজা এখন মানবতার উন্মুক্ত ক্ষত।”
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিলে স্পেন তাৎক্ষণিকভাবে তা স্থগিত করার আহ্বান জানায়। আলবারেস বলেন, “যারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা দেওয়া উচিত।”
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে মন্তব্য করেন, যার জবাবে ইসরায়েল স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।
রবিবারের বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র ভিত্তিক পথেই সমাধান খোঁজার ওপর জোর দেওয়া হয়। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন, “আমরা এমন শান্তি চাই, যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল পাশাপাশি টিকে থাকতে পারবে।”
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, তিনি শিগগিরই ফিলিস্তিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এই উদ্যোগ নিউইয়র্কে আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির অংশ। সানচেজ জানিয়েছেন, সেখানে স্পেন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করতে প্রস্তাবনা সমর্থন করবে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি

 


এ জাতীয় আরো খবর