বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নির্বাচনের পূর্বাভাস ও সংস্কারের বার্তা: রাজনৈতিক মঞ্চে তারেক রহমানের নতুন আঙিক

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৫ ১৯:৪৯:২০
ছবি সংগৃহিত

দেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন একটি স্পষ্ট বার্তা। অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেছেন, “ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই।”
রোববার (২৫ মে) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। ভিডিওটি প্রকাশিত হয়েছে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে। বার্তাটি ছিল শুধুই শুভেচ্ছাবার্তা নয়-বরং ছিল একটি রাজনৈতিক বার্তা, নীতিগত স্পষ্টতা এবং সাংবিধানিক সংস্কারের আহ্বান।
তারেক রহমানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ‘অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক সংলাপের ইঙ্গিত’। যদিও সরকারিভাবে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে তারেক রহমানের কথায় পরোক্ষভাবে বোঝা যাচ্ছে, কোনো একটি রাজনৈতিক সমঝোতা বা আলোচনার পথ খোলা রয়েছে। এর মাধ্যমে বিএনপি ফের নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, “দেশে-বিদেশে সম্মানিত ও দক্ষ ব্যক্তিত্বের নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জনগণ।” এই বক্তব্যে তিনি নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা এবং জনপ্রত্যাশার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন।
তারেক রহমান আরও বলেন, “পতিত পলাতক স্বৈরাচারের আমলে রাজনীতি ও গণতান্ত্রিক দলগুলো দমন-পীড়নের শিকার হয়েছিল। আজ এনপিপি একটি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, সেটাই প্রমাণ করে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।”
এখানে স্পষ্টভাবে বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তনের জন্য একটি ন্যায্য ও গণতান্ত্রিক দাবি রাখার বার্তা তুলে ধরা হয়েছে।
তারেক রহমান রাজনৈতিক সংস্কারকে শুধু প্রতীকী নয়, বরং বাস্তবায়নযোগ্য এবং ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখার আহ্বান জানান। তিনি বলেন, “অল্প বা বেশি সংস্কার নয়-চাই কার্যকর ও প্রায়োগিক সংস্কার। এটি হওয়া উচিত রাষ্ট্রীয় নীতির অংশ।”
এই বক্তব্যে বিএনপির আগামি রাজনীতির রূপরেখাও উঠে এসেছে-যেখানে শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, বরং শাসনব্যবস্থার গুণগত রূপান্তরের দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, “সরকার যদি জবাবদিহির বাইরে চলে যায়, তবে যে কোনো ধরনের সরকারই স্বৈরাচারী হয়ে ওঠে। নাগরিকদের উচিত হুমকি-ধমকি উপেক্ষা করে সমালোচনায় সোচ্চার থাকা।” তিনি উল্লেখ করেন, জনগণ সরকারে করুণা নয়, বরং অধিকার দাবি করতে জানে-এটাই গণতন্ত্রের মূল ভিত্তি।
রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব কবির বলেন, “তারেক রহমান এই বক্তব্যের মাধ্যমে একটি নরম অবস্থান ও কৌশলী বার্তা দিয়েছেন। এতে যেমন সরকারের প্রতি চাপ সৃষ্টি করা হয়েছে, তেমনি সমঝোতার পথও খোলা রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “সংস্কার ও জবাবদিহিতার বার্তা দিয়ে তিনি বিএনপিকে শুধু সরকারবিরোধী শক্তি হিসেবে নয়, বরং রাষ্ট্রীয় ভবিষ্যতের সম্ভাব্য রূপকার হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।”
তারেক রহমানের ভিডিও বার্তা শুধু একটি দলীয় সভার শুভেচ্ছা নয়-এটি ছিল রাজনৈতিক দাবির মঞ্চ, পরিবর্তনের বার্তা এবং আগামী জাতীয় নির্বাচনের অনিশ্চয়তার মাঝে একটি সম্ভাবনার খোলা জানালা।

 


এ জাতীয় আরো খবর