বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফুটবলে নতুন সূর্যোদয়: প্রবাসীদের জোয়ারে বদলাচ্ছে দৃশ্যপট, প্রস্তুত বাংলাদেশ সিঙ্গাপুর লড়াইয়ের জন্য

  • ক্রীড়া প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৫ ১৮:৪৪:৩৯
ছবি সংগৃহিত

বাংলাদেশের ফুটবলে যেন এক নতুন ভোরের সূচনা হয়েছে। একের পর এক প্রবাসী ফুটবলারের আগমন এবং আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতিতে বাড়তি গুরুত্বে আবার প্রাণ ফিরে পাচ্ছে দেশের ফুটবল অঙ্গন। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ-১০ জুন মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মনে উন্মাদনা তুঙ্গে।
এশিয়ান কাপ বাছাইয়ের আগে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে প্রস্তুতির গতি বাড়াতে জাতীয় দলের ক্যাম্পের সময় এগিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পূর্ব নির্ধারিত পরিকল্পনায় ক্যাম্প শুরুর তারিখ ছিল ৩১ মে। কিন্তু ক্লাব ফুটবলের সূচি পুনর্বিন্যাস করে তা এগিয়ে আনা হয়েছে ২৭ মে-তে।
ফেডারেশনের লিগ কমিটি জানায়, ওইদিন আট দলের খেলা শেষ হলে সংশ্লিষ্ট ক্লাবের ফুটবলারদের জন্য দুই দিনের বিশ্রাম সময় থাকবে, যা জাতীয় দলের প্রস্তুতির জন্য অত্যন্ত কার্যকরী।
বাফুফে চারটি ম্যাচ এগিয়ে এনে ২৭ মে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শুধু চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস এফসির ম্যাচটি নির্ধারিত সময় অনুযায়ী ২৯ মে অনুষ্ঠিত হবে। সংশোধিত সূচিতে ইতিমধ্যে ক্লাবগুলোকে চিঠি দিয়েছে ফেডারেশন। এতে স্বাক্ষর করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
ফুটবল বিশ্লেষকদের মতে, জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি ফুটবল খেলার মানে নাটকীয় পরিবর্তন আনতে শুরু করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, কানাডা কিংবা অস্ট্রেলিয়া প্রবাসী তরুণরা এখন বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে নামছেন মাঠে, যা দীর্ঘদিন পর জাতীয় দলে পেশাদারিত্বের নতুন ছাপ ফেলছে।
এ নিয়ে ফুটবলপ্রেমী শাহেদুল ইসলাম বলেন, “এতদিন পর মনে হচ্ছে জাতীয় দল সত্যিই কিছু করতে পারে। মাঠে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর শক্তিশালী স্কোয়াড আমাদের আশাবাদী করে তুলছে।”
সিঙ্গাপুরের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য পরীক্ষা যেমন, তেমনি নিজেদের প্রমাণের বিরল সুযোগ। বাফুফে চায় দল যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামে। এর অংশ হিসেবে ক্যাম্পে আধুনিক কৌশল, ফিটনেস এবং দলগত একাত্মতার দিকেও জোর দেওয়া হবে।
জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবার দল গঠনে ফর্ম ও পেশাদারিত্ব হবে প্রধান বিবেচ্য। তাঁর মতে, “দল গঠনের সময় আমরা কেবল নাম নয়, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নেব।”
বাংলাদেশ ফুটবলে এই উদ্যম ও প্রস্তুতি দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, একসময় যে খেলাটি শুধুই হতাশার গল্প হয়ে উঠেছিল, সেই ফুটবলে আবারও ‘নতুন দিনের গান’ বাজতে শুরু করেছে। প্রবাসী তারকাদের সম্পৃক্ততা, সময়োপযোগী প্রস্তুতি এবং বাফুফের কৌশলগত পরিবর্তন যদি ধারাবাহিক থাকে, তবে এক নতুন ফুটবল বাংলাদেশ গড়ে ওঠার আশাবাদ সত্যি হতেই পারে।

 


এ জাতীয় আরো খবর