পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস। লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের তিন ক্রিকেটার-সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তবে ফাইনালে কাকে দেখা যাবে একাদশে, তা নিয়ে চলছে নানা আলোচনা।
ডু অর ডাই পরিস্থিতি থেকে উঠে আসা লাহোর কোয়ালিফায়ারে একের পর এক জয় তুলে নিয়ে পৌঁছে গেছে ফাইনালে। এলিমিনেটরে করাচি কিংসকে হারানোর পর দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও তারা দেখিয়েছে শ্রেষ্ঠত্ব।
এতদূর আসার পথে রিশাদ হোসেন বল হাতে নজর কেড়েছেন। শেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে প্রমাণ করেছেন নিজের কার্যকারিতা। ফলে তাকে ফাইনালে খেলানো একপ্রকার নিশ্চিত।
অন্যদিকে, সাকিব আল হাসান ব্যাটে-বলে তেমন ছাপ রাখতে না পারলেও তার অভিজ্ঞতা বিশাল সম্পদ হয়ে দাঁড়াতে পারে লাহোরের জন্য। ১৫টি টি-টোয়েন্টি ফাইনাল খেলার অভিজ্ঞতা, আইপিএল ও বিপিএলে সাতবারের ট্রফি জয়ী এই অলরাউন্ডারকে ফাইনালে বাদ দেওয়া হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সবচেয়ে বেশি আলোচনা ঘিরে রয়েছে মেহেদী হাসান মিরাজকে নিয়ে। সম্প্রতি পাকিস্তানে এসে দলের সঙ্গে যোগ দিলেও মাঠে নামার সুযোগ এখনও হয়নি তার। তবে ভানুকা রাজাপাকসা ও কুশল পেরেরার জায়গায় তাকে খেলানোর যুক্তি হিসেবে উঠে আসছে বোলিং অপশনের কথা। পেরেরা ও রাজাপাকসা শেষ ম্যাচে ভালো ব্যাটিং করায় তাদের বাদ দেওয়া কঠিন হবে। তাই মিরাজের একাদশে সুযোগ পাওয়া আপাতত অনিশ্চিত।
বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে পিএসএলের এই বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
লাহোর এর আগে ২০২২ ও ২০২৩ সালে পরপর দুইবার শিরোপা জিতেছে। ২০২০ সালে তারা রানার্সআপ হয়েছিল। অন্যদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ২০১৯ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল, তবে ২০১৬ ও ২০১৭ সালে রানার্সআপ হতে হয়েছিল তাদের।
এবারের লড়াইয়ে কার হাতে উঠবে ট্রফি, আর বাংলাদেশের কোন ক্রিকেটার থাকবেন শিরোপা জয়ের সাক্ষী-সেদিকেই চোখ ক্রিকেটপ্রেমীদের।