লা লিগার শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। তবে ম্যাচের ফলাফলের চেয়েও আলোচনায় ছিল আবেগ আর পরিবর্তনের বার্তা।
ম্যাচটি ছিল রিয়ালের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব—-কোচ কার্লো আনচেলত্তি, মিডফিল্ডার লুকা মদ্রিচ ও ফরোয়ার্ড লুকাস ভাসকেসের সম্ভাব্য বিদায়ের মঞ্চ। বার্নাব্যুর গ্যালারিতে করতালি আর বিদায় বেলায় চোখের জল মিলেমিশে তৈরি করেছে এক আবেগঘন মুহূর্ত।
এই রাতেই রিয়ালের ভবিষ্যতের প্রতীক হয়ে উঠলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের দুই অর্ধে এক একটি গোল করে জয় নিশ্চিত করেন তিনি। মৌসুমে লা লিগায় তার গোল সংখ্যা দাঁড়াল ৩১-এ, যা তাকে এনে দিল পিচিচি ট্রফি। বার্সেলোনার রবার্ট লেভানদোভস্কি ২৫ গোল করে দ্বিতীয় স্থানে আছেন।
এছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে এমবাপ্পে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।
রিয়াল মাদ্রিদ লিগ শেষ করেছে ৮৪ পয়েন্ট নিয়ে। যদিও বার্সেলোনা এখনও এক ম্যাচ হাতে রেখেই ৮৫ পয়েন্টে শীর্ষে রয়েছে, তাই রিয়ালের শিরোপা পাওয়া হয়নি। তবুও বার্নাব্যুতে বিদায়ের আবহে সেই শিরোপাহীনতা অনেকটাই অনুজ্জ্বল ছিল।
পুরনোদের বিদায়ের মধ্য দিয়ে এবং এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে যেন রিয়ালের এক নতুন অধ্যায় শুরু হলো।