ভেবেছিলাম তুমি বুঝি সত্যি ভালোবাসো ভীষণ
এতদিন পর তবু মনে হয় -- বুঝি সত্য নয়,
তোমার চোখে চোখ রেখেই কেটে যেত প্রিয় ক্ষণ
কে বলে তবে ধরণী কোমল, খুবই মায়াময় !
তোমার আবেগ ভরা শব্দে ছিলো অবিমিশ্র তাপ
যা উষ্ণ করে দিতো আকুল হৃদয়ের সব হিম,
তা যেন আজ নিঃশব্দ শীতল, কেমন নিরুত্তাপ
যেন স্বপ্নেই ছিল প্রিয় বৃষ্টির এই রিমঝিম।
আমার চিঠি, আমার অপেক্ষা, আমার সেই গান—
সবই লেখা বৃষ্টিভেজা কাগজে অথবা বালিতে !
তুমি ছিলে কি ছিলে না করিনি তার অনুসন্ধান
আমিই করেছি ভুল, যা লিখেছি রক্তের কালিতে।
তবু তুমি ছিলে শেষ আশ্রয়, শেষের এ প্রহর
সঠিক ভালোবাসা একা কখনো পায় না পূর্ণতা,
তুমি না থাকলেও আছে কবিতা, স্মৃতির শহর
সত্যটা পাইনি খুঁজে, তবু কবিতাই সত্য কথা।