রবিবার, মে ৩১, ২০২৬

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ বিএনপির

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৫ ০১:৩৭:৪২
ছবি সংগৃহিত

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে দলটি একটি লিখিত বক্তব্য জমা দেয়, যেখানে সরকার পরিচালনার ধরন নিয়ে একাধিক প্রশ্ন তোলে বিএনপি।
বিএনপির দাবি, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের পর যে জাতীয় ঐক্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছিল, তা এখন ভেঙে পড়ার পথে। দলটির ভাষায়, “যে স্বপ্ন নিয়ে জনগণ পরিবর্তন চেয়েছিল, সেই স্বপ্নই এখন ফিকে হয়ে আসছে।”
বিএনপি বলছে, সরকারের কিছু উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা সরকারের নিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। বিশেষভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, “তিনি ইতোমধ্যে বিতর্কিত হয়ে উঠেছেন, তার পদে থাকা সরকারের পক্ষপাতহীন অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।”
চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর সংক্রান্ত সিদ্ধান্তে সরকারের নীতিগত অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। তাদের দাবি, “জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই রয়েছে।”
নির্বাচন কমিশন গঠন নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপি বলেছে, কমিশনে সব পক্ষ থাকলেও একটি মহল এখনো পুনর্গঠনের দাবি জানাচ্ছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইশরাক হোসেনের শপথ না হওয়াকে তারা ‘আইনের শাসনের লঙ্ঘন’ বলেও উল্লেখ করেছে।
বিএনপি ডিসেম্বরের মধ্যে একটি নির্দিষ্ট সময়সূচিসহ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। তাদের মতে, “মানুষের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত একটি নির্বাচিত সরকার গঠন জরুরি।”
তারা সতর্ক করে বলেছে, “যদি সরকার এই বিষয়ে ব্যর্থ হয়, তবে তাদের সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে।”
বিএনপি মনে করে, নির্বাচন ও সংস্কার পাশাপাশি চলতে পারে। সেইসঙ্গে তারা মানবতাবিরোধী অপরাধের বিচার চালু রাখার ওপরও গুরুত্ব দিয়েছে।
লিখিত বক্তব্যে বিএনপি বলেছে, “আমাদের বারবার দেওয়া পরামর্শ উপেক্ষিত হলে সরকারের প্রতি আস্থা কমে যাবে। আমরা চাই সরকার সংলাপ ও ঐক্যের মাধ্যমে দেশ পরিচালনায় সদিচ্ছা দেখাক।”

 


এ জাতীয় আরো খবর