বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

নেইমারের প্রত্যাবর্তন বিষাদের গল্প: মাঠে ফিরলেও সান্তোসের বিদায়,ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

  • বিশেষ ক্রীড়া প্রতিবেদন
  • ২০২৫-০৫-২৩ ২৩:৫৫:৩৪
ছবি সংগৃহিত

এক বছর পর মাঠে ফিরলেও নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনটা উচ্ছ্বাস নয়, বরং বেদনার প্রতীক হয়ে উঠেছে। চোটের ধকল সামলে বহু প্রতীক্ষার পর নিজের শেকড়, সান্তোসে ফিরলেও কোপা দো ব্রাজিলের মঞ্চে প্রত্যাবর্তনের ম্যাচে গোলশূন্য ড্র করে তার দল-অবশেষে বিদায় নিতে হয় পেনাল্টি শুটআউটে।
সিআরবির বিপক্ষে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। টাইব্রেকারে প্রথম কিকটি সফলভাবে নিলেও সতীর্থদের ব্যর্থতায় ৫–৪ গোলে হার মানে সান্তোস।
নেইমার মাঠে নামতেই যেন স্টেডিয়াম আলোয় ভরে ওঠে, চিৎকারে মুখরিত হয় গ্যালারি। কিন্তু গৌরবময় ফেরাটা এবারও হলো না বিজয়ের।
ম্যাচ শেষে হতাশ কণ্ঠে বললেন তিনি-“জানি আমার নামাটা একটা পরিবর্তন আনতে পারত। তবে ফুটবল দলগত খেলা, এখানে একা কিছুই হয় না।”
ফুটবলের মাঠে তার উপস্থিতি বদলের বার্তা দেয়, কিন্তু বারবারই তা ছিন্ন হচ্ছে দুর্ভাগ্যের ধাক্কায়।
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সান্তোসে ফেরার পর এখন পর্যন্ত মাত্র ১০টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন তিনটি, করিয়েছেন সমান সংখ্যক। কিন্তু সেই পারফরম্যান্স সান্তোসকে রক্ষা করতে পারেনি লিগ টেবিলের নিচের দিক থেকে।
সান্তোস এখন রেলিগেশন অঞ্চলের কাছাকাছি অবস্থানে। নেইমারের মতো তারকাকে নিয়েও দল ভুগছে কাঙ্ক্ষিত ভারসাম্যহীনতায়।
৩১ বছর বয়সী নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে।
চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন, “এখনও কিছু চূড়ান্ত হয়নি।”
এই এক লাইনের জবাবে ফুটে উঠছে দ্বিধা, অনিশ্চয়তা ও ভবিষ্যতের ধোঁয়াশা।
ক্লাব কর্তৃপক্ষ চায় তাকে ধরে রাখতে, কিন্তু নেইমার নিজে জানাচ্ছেন না কোন পথে হাঁটবেন। ইউরোপে ফিরবেন, নাকি ব্রাজিলেই থেকে যাবেন-তা নিয়ে চলছে জল্পনা।
মাঠে ফলাফল যা-ই হোক, নেইমার মানেই উন্মাদনা।
হোটেল ছাড়ার সময় নিরাপত্তা বলয় ভেঙে শত শত ভক্ত ছুটে আসে তার দিকে।
নেইমারও হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানাতে ভোলেননি। দৃশ্যটা যেন প্রমাণ দেয়-এই মানুষটা এখনো কতোটা প্রাসঙ্গিক, কতোটা আপন ব্রাজিলের মানুষের কাছে।
পেনাল্টি শুটআউটে হার মানার পর কোপা দো ব্রাজিলের যাত্রা এখানেই শেষ সান্তোসের।
এই হার শুধু একটি ম্যাচের নয়, বরং প্রশ্ন তুলেছে দলের রূপান্তর, তারকা নির্ভরতা ও নেইমারের ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও।
নেইমার এখন এক মোড়লগ্নে-
চোট থেকে ফিরলেও পুরোনো ধার পাচ্ছেন না।
দলও পারছে না তার নেতৃত্বে ঘুরে দাঁড়াতে।
চুক্তির মেয়াদও শেষের পথে-কিন্তু সিদ্ধান্ত নেই।
জাতীয় দলেও এখন তার জায়গা অনিশ্চিত।

সব মিলিয়ে নেইমার দাঁড়িয়ে এক মোড়লগ্নে, যেখানে তার পরবর্তী সিদ্ধান্ত কেবল ক্লাব নয়, ক্যারিয়ারের দিকও নির্ধারণ করতে পারে।
নেইমারের ক্যারিয়ার যেন এক সিনেমা-উত্থান, পতন, চোট আর প্রত্যাবর্তনের কাহিনি। তবে এই অধ্যায়টি একদম আলাদা।
এটি তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যক্তিগত সংগ্রামের সময়, যেখানে শরীর, দল, মিডিয়া এবং নিজের ভেতরের চাপ-সব একসঙ্গে ভর করছে তার উপর।

এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো নির্ধারণ করবে-তার কিংবদন্তির শেষ অধ্যায়টি কেমন হবে।

 


এ জাতীয় আরো খবর