রবিবার, অক্টোবর ৪, ২০২৬

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ অনিশ্চিত, সিদ্ধান্ত আইসিসি সম্মেলনে

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-২২ ২৩:৩৬:৩৫
ফাইল ছবি

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চায় না যে, দুই দেশ একই গ্রুপে থাকুক। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আইসিসির বার্ষিক সম্মেলনে, যা জুলাইয়ের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কে যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, তারই প্রতিক্রিয়া পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চেও। ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ আয়োজনে জটিলতা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিসিসিআই চাইছে দুটি দলকে আলাদা গ্রুপে রাখা হোক, এমনকি নকআউট পর্বেও যেন তাদের মুখোমুখি না হতে হয়, সে সম্ভাবনাও কম। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপে দলগুলোর গ্রুপ নির্ধারিত হয় র‍্যাংকিং ও নির্দিষ্ট পুল ভিত্তিতে, রাজনৈতিক বাস্তবতায় তা এবার ভিন্ন পথে যেতে পারে।
আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি পূর্বে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবারই প্রথম আইসিসির প্রধান হিসেবে বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন। তাঁর নেতৃত্বেই হতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত।
গত বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের বোর্ডের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছিল। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায়, টুর্নামেন্টটি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজিত হয়। ভারতের সব ম্যাচ ও বেশির ভাগ নকআউট ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েও একই জটিলতা দেখা দিয়েছে-ভারতের ম্যাচগুলো আয়োজিত হয় দুবাইয়ে, আর ফাইনাল ম্যাচও পাকিস্তানের বাইরে।
এর আগে, ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। তাতেও ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। পরিস্থিতি স্পষ্ট হবে আসন্ন আইসিসি সম্মেলনের আলোচনার পর।

 


এ জাতীয় আরো খবর