রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আইপিএলে ‘নিয়ম না জানা’ হার্দিক পান্ডিয়ার ব্যতিক্রমী নো বল: বিস্মিত মাঠ, বিস্মিত অধিনায়ক!

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-২২ ১৬:০১:৪২
ছবি সংগৃহিত

আইপিএল মানেই নাটকীয়তা, নতুন নতুন কৌশল আর হাইভোল্টেজ মুহূর্তে জমজমাট ক্রিকেট। তবে বুধবার (২২ মে) রাতে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে দেখা গেল এমন এক দৃশ্য, যা শুধু খেলোয়াড় নয়, দর্শকরাও আগে কখনো দেখেননি-‘নিয়ম না জানার’ কারণে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দেওয়া এক ব্যতিক্রমী নো বল!
দিল্লির বিপক্ষে ম্যাচের পঞ্চম ওভারের তৃতীয় বলটি করছিলেন মুম্বাইয়ের উইল জ্যাকস। স্ট্রাইকে ছিলেন দিল্লির ভ্রিরাজ নিগম। হঠাৎই ফিল্ডিং সাজানোর কারণে আম্পায়ার নো বল ঘোষণা করলেন। হার্দিক তখন হতভম্ব-অবাক চোখে তাকিয়ে বললেন, ‘আমি কী করলাম?’
এই নো বলের কারণ ছিল ফিল্ডিংয়ের ভুল বিন্যাস। মাঠে তখন পাওয়ার প্লে চলছিল। আইপিএলের কঠোর নিয়ম অনুযায়ী, পাওয়ার প্লের সময় বোলিং দলের সর্বোচ্চ দুজন ফিল্ডার থাকতে পারেন ৩০ গজ বৃত্তের বাইরে, এবং লেগ সাইডে (অন সাইডে) পাঁচজনের বেশি ফিল্ডার রাখা যায় না।
হার্দিক ওই সময় অন সাইডে ছয়জন ফিল্ডার রাখেন, যা সরাসরি আইপিএলের নিয়ম লঙ্ঘন। বিষয়টি সম্ভবত তিনি জানতেনই না। আম্পায়ারের হস্তক্ষেপে তিনি বুঝতে পারেন নিজের এই কৌশলগত ভুল। ক্রিকেটবিশ্বে বহুবার ফিল্ডিং ভুলে নো বল দেখা গেছে, কিন্তু ‘নিয়ম না জানার’ কারণে অধিনায়কের অবাক হওয়া-এমন দৃশ্য এক কথায় বিরল।
তবে ওই নো বল ম্যাচের মোড় বদলায়নি। ১৮০ রানের বড় পুঁজি নিয়ে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লিকে থামিয়ে দেয় মাত্র ১২১ রানে। ৫৯ রানের জয়ে মুম্বাই পেয়ে যায় শেষ চারের টিকিট। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিল সেই ব্যতিক্রমী ‘নো বল’ আর হার্দিকের বিস্ময়।
ক্রিকেট বোদ্ধাদের মতে, এটি একটি টেকনিক্যাল ভুল হলেও প্রশ্ন উঠেছে, একজন আইপিএল দলের অধিনায়ক কিভাবে এমন গুরুত্বপূর্ণ নিয়ম জানেন না? আইপিএলের মতো প্রতিযোগিতামূলক এবং কৌশলনির্ভর আসরে এ ধরনের অসচেতনতা শুধু হাস্যরসের জন্ম দেয় না, বরং প্রতিপক্ষের জন্য সুযোগ তৈরি করে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হার্দিকের নো বল’ বিষয়টি ট্রেন্ডিং হয়ে ওঠে। কেউ কেউ তা নিয়ে হাস্যরসাত্মক মিম তৈরি করেন, কেউ আবার এটিকে পেশাদারিত্বের ঘাটতি হিসেবেও ব্যাখ্যা করেন। টুইটারে একজন লিখেছেন, “নিয়ম না জানা অধিনায়ক আর কী করতে পারেন?” আবার কেউ বলছেন, “হার্দিক তো মাঠে খেলতে নয়, নিয়ম শিখতে নেমেছিলেন!”
এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, আন্তর্জাতিক মানের খেলোয়াড় হলেও নিয়ম সম্পর্কে সচেতনতা না থাকলে মুহূর্তেই বিপদ ঘটতে পারে। দলের জয় কখনো কখনো এসব ভুল ঢেকে দিলেও, আইপিএলের মতো প্রতিযোগিতায় প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত ও তথ্য জ্ঞান অপরিহার্য।

 


এ জাতীয় আরো খবর