রবিবার, মে ১৭, ২০২৬

শেষ দুই ওভারে ভরাডুবি,প্লে-অফের স্বপ্ন ভেঙে গেল মোস্তাফিজদের

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-২২ ০১:২০:১৯
ছবি সংগৃহিত

আইপিএলে প্লে-অফে উঠতে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের সামনে। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখেও শেষ দুই ওভারে সব হাতছাড়া করে ফেলল তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ মুহূর্তের ঝড়ো ব্যাটিংয়ের সামনে ৫৯ রানের বড় ব্যবধানে হেরে গেল মোস্তাফিজুর রহমানের দল।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের শুরুটা ছিল ধীরগতির। ১৮ ওভার শেষে স্কোরবোর্ডে রান ছিল মাত্র ১৩২। তখন মনে হচ্ছিল ম্যাচটা সহজেই নিয়ন্ত্রণে রাখবে দিল্লি। কিন্তু ১৯তম ও ২০তম ওভারে সব পাল্টে যায়। এই দুই ওভারে মুম্বাই তুলে নেয় ৪৮ রান! শেষ পর্যন্ত তারা ১৮০ রানে থামে।
দল হারলেও নিজের কাজে নজর কেড়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। শুরুতেই দিল্লিকে এনে দেন ব্রেকথ্রু। নিজের দ্বিতীয় বলেই ফেরান মুম্বাইয়ের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাকে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় রোহিতকে।
মোস্তাফিজের বোলিং ছিল যথেষ্ট নিয়ন্ত্রিত। পাওয়ার প্লে’তে কিপটে বোলিংয়ের পর মাঝের ওভারগুলোতেও ভালো বল করেছেন। যদিও এক ওভারে ইংলিশ ব্যাটার উইল জ্যাকস তার ওপর চড়াও হয়ে চার ও ছক্কা হাঁকান, তবু সামগ্রিকভাবে তিনি ছিলেন আঁটসাঁট। ৪ ওভারে ১০টি ডট বল দিয়ে ৭.৫০ ইকোনমিতে রান দিয়েছেন।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। একের পর এক উইকেট হারিয়ে ১৮.২ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২১ রানে। ব্যাটিং ব্যর্থতার কারণে মোস্তাফিজদের বিদায় নিতে হয় প্লে-অফের দৌড় থেকে।
এ হারে দিল্লির টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও এখনও তাদের হাতে একটি ম্যাচ বাকি রয়েছে। ২৪ মে জয়পুরে তারা খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেটা হতে যাচ্ছে মোস্তাফিজের এবারের আইপিএল মৌসুমের শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮০/৬ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস: ১২১ (১৮.২ ওভার)
ফল: মুম্বাই জয়ী ৫৯ রানে
মোস্তাফিজুর রহমান: ৪-০-৩০-১

দলের বিদায়ের কষ্ট থাকলেও মোস্তাফিজের পারফরম্যান্স বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে। এখন দেখার বিষয়, শেষ ম্যাচে আরও একবার কী চমক দেখাতে পারেন বাংলাদেশের এই পেসার।


এ জাতীয় আরো খবর