রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ইতিহাস গড়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলো আমিরাত

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-২২ ০০:২১:৫৮
ছবি সংগৃহিত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরাত। সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে জয় পেয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ নিজেদের করে নিলো দলটি।
বুধবার (২১ মে) রাতে অনুষ্ঠিত ম্যাচে ১৬৬ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে আমিরাত। ম্যাচের নায়ক আলিশান শারাফু ও আসিফ খান। দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েন ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি, যা দলকে জয় এনে দেয়। আলিশান ৬৮ এবং আসিফ ৪১ রানে অপরাজিত থাকেন।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। একে একে উইকেট হারিয়ে ৮৪ রানে ৮ উইকেট হারায় টাইগাররা। তবে শেষ দিকে জাকের আলী, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৩।
জাকের আলী ৩৪ বলে করেন ৪১ রান। হাসান ও শরিফুল অপরাজিত থেকে শেষ ১২ বলে ৩৪ রান যোগ করেন। তানজিদের ব্যাট থেকে আসে ১৮ বলে ৪০ রান।
বাংলাদেশের ইনিংসের প্রথম থেকেই ব্যর্থতা স্পষ্ট ছিল। পারভেজ হোসেন ইমন প্রথম বলেই আউট হন। অধিনায়ক লিটন, হৃদয়, মেহেদী কেউই সুবিধা করতে পারেননি। এক ওভারেই হারান দুই উইকেট। দলের ১০০ রান পূর্ণ হয় ১৬ ওভারের পর।
বল হাতে শরিফুল শুরুতে কিছুটা চাপ দিলেও, পরবর্তীতে আলিশান ও আসিফের দৃঢ় ব্যাটিংয়ের সামনে অসহায় ছিল বাংলাদেশি বোলাররা। রিশাদ, তানজিম ও হাসান মিলে কিছু উইকেট পেলেও জয় আটকাতে ব্যর্থ হন।
এই জয়ের মাধ্যমে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো সংযুক্ত আরব আমিরাত। এটিই বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম কোনো সিরিজ জয়। এর আগে কখনও টাইগারদের বিরুদ্ধে সিরিজ জয় পায়নি দলটি।
বাংলাদেশের জন্য এটি ছিল হতাশাজনক একটি সফর। প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণ করে তারা। সিরিজের শেষ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেও ফল পায়নি টাইগাররা।

বাংলাদেশ একাদশ 
লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাত একাদশ 
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আকিফ রাজা, ইথান ডি, সোজা, আসিফ খান, ধ্রুভ পারাশার, হায়দার আলি, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সাঘির খান।


এ জাতীয় আরো খবর