বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফা রু ক আ হ মে দ

  • ঘটনা
  • ২০২৫-০৫-২১ ১৭:৫২:৪১

এক সঙ্গে দুটা ঘটনা পাশাপাশি কিছুদূর গিয়ে
বিভক্ত হয়ে যায়। দুটা ঘটনা কিছুদূর এক সঙ্গে চলার পর
বিভক্ত হওয়ার এতো কি প্রয়োজন, হু! কিন্তু সত্যি সত্যি
পাতা ঝরার দিনগুলোতে একটা ঘটনা আরেকটা
থেকে বিভক্ত হয়ে যায়, পাশাপাশি সিটে বহুদূর পথ পাড়ি
দিয়ে শেষে একটা আরেকটাকে বলে ‘আসি’।

যতবার সম্ভাবনা ক্ষেত দেখি, ততবার মনে হয় এসব
সম্ভাবনা ক্ষেতে ঘটনার চাষ হয়। কিছু সম্ভাবনা
চারা থাকতেই মারা যায় আর কিছু এমন সব
ঘটনার জন্ম দেয়; যার সঙ্গী ম্যাডাম নিরবধি,
যার সঙ্গে যায় ভূত্য নিরন্তর, যাকে বহন করে
বেড়ায় কলুরবলদ কাল। এইভাবে কবে জানি! কোন এক কালে,
এই ধরো তা গতকাল হতে পারে, একটু আগে বা আগের জন্মে-
একটি কালের নিয়তি নির্ধারিত সত্যেও মতো
এমন লাবণ্যময় ঘটনার সঙ্গে আমার দেখা হয়ে যায়।
নদীর মতো সহজাত প্রবাহমান এমন ঘটনা দেখে মনে হয়
হৃদয় ফুরে একটা শান্তির ফোয়ারা ভ্রমণে নামবে এক্ষণি।
মানুষ ভ্রমণশীল হোক, পাখি বা নদী, কিন্তু শান্তি কেন?
আহা, শান্তি তুমি ভ্রমণশীল বিহঙ্গের মতো হয়ে গেছো,
তোমার সঙ্গে ঘটনার জন্ম দিতে মানুষ সবচেয়ে উদ্গ্রীব।
অথচ তুমি এবং ঘটনা নিজ নিজ স্থানে থেকে কী এক
বিহ্বল প্রতিযোগীতার জন্ম দিচ্ছো ক্রমাগত।


এ জাতীয় আরো খবর