আলোর কথা বলো
আলোকে নিয়ে বলো
আমি আঁধার সইতে পারিনা
আঁধারের বুক চিরে যে অক্ষরের আলো
আমাদের চক্ষুষ্মান করে তোলে
সে আলোর কথা বলো।
অক্ষর চোখে এসে পড়লেই আলোকিত বিশ্বচরাচর
অন্ধ থেকো না। চোখ খুলে দেখো
অক্ষরের আলো মেখে তিনি দাঁড়িয়ে
তোমার মা, জন্মদাত্রী।
যাকে ঘিরেই এই আলোর মাতামাতি
তিনি অন্ধদেরও ভালোবাসেন,
বুকের মাঝে টেনে নেন ভালোবেসে
কিন্তু অন্ধকারকে ঘৃণা করেন।
অন্ধ আর অন্ধকার
অনেক যোজন দূরে মুখোমুখি দাঁড়িয়ে থাকা
দুটো আলোকবিদ্যা
অন্ধ মানুষও আলোর অভিসারী হন
অন্ধকার চিরে ফেলে আলোর উপাসনায় মাতেন
আর অন্ধকার দাঁড়িয়ে থাকে একা
তার বুকে আলোকবর্তিকা জ্বেলে।
ভাষার জন্য প্রাণ নাই দিতে পারো
ভাষার মধ্যে যে আলো তাকে মা বলে ডেকে দেখো
আলোয় আলোয় ভরে যাবে তোমার চিন্তার পরিধি।
কমলা, আরও দশজনকে সাথে করে
অন্ধকারের বুকে আলো জ্বেলে গেছে।