বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন,হাড়েও ছড়িয়ে পড়েছে রোগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৫-১৯ ০৩:১৯:৫৭
ফাইল ছবি

 ১৯ মে ২০২৫
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর দেহে ক্যানসারটির আক্রমণাত্মক রূপ শনাক্ত করা হয়েছে, যা ইতোমধ্যেই হাড়ে ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে তাঁর ব্যক্তিগত কার্যালয়।
রোববার (১৮ মে) এক বিবৃতিতে বাইডেনের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি প্রস্রাবে সমস্যা দেখা দিলে তার প্রোস্টেটে সন্দেহজনক নোডিউল পরীক্ষা করা হয়। গত শুক্রবারের পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)-যা সাধারণত ক্যানসারের দ্রুতগতি ও বিস্তারের ইঙ্গিত দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে, যা চিকিৎসায় ইতিবাচক সাড়া দেওয়ার সম্ভাবনা সৃষ্টি করে। বর্তমানে ৮২ বছর বয়সী বাইডেন ও তাঁর পরিবার চিকিৎসকদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করছেন।
বাইডেন বর্তমানে ডেলাওয়্যারের উইলমিংটনে নিজ বাসভবনে অবস্থান করছেন এবং সেখানেই তিনি বিশ্রামে আছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এর আগে বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছিলেন, তার প্রোস্টেটে একটি ছোট নোডিউল ধরা পড়েছে। সেই পর্যবেক্ষণের পরই বিস্তারিত পরীক্ষা করা হয়, যার মাধ্যমে গুরুতর ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই প্রাথমিক লক্ষণগুলোকে গুরুত্ব দিয়েই দ্রুত চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ ছিল।
যুক্তরাষ্ট্রে প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ ক্যানসার। তবে সময়মতো ধরা পড়লে এবং হরমোন-সংবেদনশীল হলে এর চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। বিশেষ করে যদি রোগটি হাড়ে ছড়িয়ে পড়লেও প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা যায়, তবে রোগী দীর্ঘমেয়াদি জীবনযাপন করতে পারেন।
বাইডেনের স্বাস্থ্য নিয়ে এই খবরে রাজনৈতিক অঙ্গনেও উদ্বেগ দেখা দিয়েছে। ২০২4 সালের নির্বাচনের পর রাজনীতি থেকে কিছুটা সরে গেলেও বাইডেন এখনও ডেমোক্র্যাট দলের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ এক প্রতীক।
বাইডেনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতারা ও সাধারণ মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যম এবং বিশিষ্টজনরা সাবেক এই প্রেসিডেন্টের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকেই উল্লেখ করেছেন, বাইডেন অতীতে বহু প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে গেছেন। এবারও যেন তিনি এই যুদ্ধে জয়ী হন।

 


এ জাতীয় আরো খবর