মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

ইসরায়েলকে স্বীকৃতিতে অনড় পাকিস্তান,নেতানিয়াহু সফর বাতিলে উত্তাল কূটনীতি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৫-১৮ ১৭:২৭:১৪
ফাইল ছবি

মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ও রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে পাকিস্তান তার ঐতিহাসিক অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দেশটির প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত সাফ জানিয়ে দিয়েছেন- “ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না।”
শুক্রবার সৌদি আরবে এক আনুষ্ঠানিক মতবিনিময়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় বলেন, “ইসরায়েল কেবল উপমহাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বে উত্তেজনার অনুঘটক। আমরা ইসরায়েলি শাসকগোষ্ঠীকে কখনোই স্বীকৃতি দেব না।”
তিনি আরও বলেন, পাকিস্তান কাশ্মীর ইস্যুতে তার দৃঢ় অবস্থান থেকে একচুলও পিছু হটবে না। সরকার, সশস্ত্র বাহিনী এবং জনগণ সর্বদা কাশ্মীরিদের অধিকার রক্ষায় অটল থাকবে।
এদিকে ভিন্ন প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র এক আকস্মিক সিদ্ধান্তে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক পরিসরে।
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানায়, নতুন পোপের অভিষেক উপলক্ষে ভ্যাটিকান সফরের পরিকল্পনা থাকলেও, নেতানিয়াহু সেই সফর গ্রেফতারি পরোয়ানার শঙ্কায় বাতিল করেছেন।
এই পরোয়ানার পেছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর তদন্ত। নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে গ্রেফতারি আদেশ প্রস্তুতের খবর প্রকাশিত হয় সম্প্রতি।
গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ইউরোপীয় নেতৃত্বেও বাড়ছে উদ্বেগ ও চাপ।
কাউন্সিল অব ইউরোপের সভাপতি আন্তোনিও কস্তা শুক্রবার বলেছেন, “গাজার মানবিক বিপর্যয় ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক আইন চোখের সামনে লঙ্ঘিত হচ্ছে।”
এই বক্তব্যের ঠিক পরদিন সাতটি ইউরোপীয় দেশের যৌথ বিবৃতিতে আরও স্পষ্টভাবে বলা হয়,
“ইসরায়েলের অবরোধে গাজাবাসী মানবেতর অবস্থায় আছে। এই সংকটে চুপ থাকা চলবে না। আমরা পূর্ণ অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাই।”
বিশ্ব কূটনীতিতে এখন স্পষ্ট বিভাজন: একদিকে পশ্চিমা মিত্রদের চাপে ইসরায়েলকে মেনে নেওয়ার প্রচেষ্টা, অন্যদিকে মুসলিম বিশ্বে প্রতিরোধের মেরুকরণ।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য শুধু একক বিবৃতি নয়, বরং এটি পুরো ইসলামি বিশ্বের একাংশের প্রতিধ্বনি-যারা গাজা গণহত্যা ও ফিলিস্তিন দখলদারির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে শুরু করেছে।
নেতানিয়াহুর সফর বাতিল ও আন্তর্জাতিক আদালতের পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে-ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ এখন শুধু আরব দুনিয়ায় নয়, পশ্চিমেও বাড়ছে।

 


এ জাতীয় আরো খবর