বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘বোঝা নয়, শৃঙ্খলার বাজেট আসছে’: পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • ২০২৫-০৫-১৮ ১৬:৪৭:২৬
ছবি সংগৃহিত

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে ‘দায়িত্বজ্ঞানহীন’ না হওয়ার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, এটি এমন একটি বাজেট হবে যা অর্থনীতিতে ভার সৃষ্টি না করে বরং শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
রোববার (১৩ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
এনইসি সভায় নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এবারের এডিপির আকার পূর্বের তুলনায় কিছুটা সংকুচিত। এই প্রসঙ্গে ড. ওয়াহিদ বলেন, “এবারের বাজেট হবে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার বাজেট। তাই অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে এডিপির আকার হ্রাস করা হয়েছে। এর অর্থ বাজেট দুর্বল হচ্ছে না, বরং আরও বাস্তবমুখী হচ্ছে।”
পরিকল্পনা উপদেষ্টা জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অহেতুক ব্যয় কমানো হলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ব্যয় নির্দিষ্ট করে বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, “আগামীতে আড়াই হাজারের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ফলে তখন স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় বাড়বে। একইসঙ্গে শিক্ষকদের কল্যাণ তহবিল ও বিভিন্ন দেনা পরিশোধে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকছে।”
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের ভাষায়, আসন্ন বাজেটের মূল লক্ষ্য হবে—

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা
রাজস্ব আহরণ বাড়ানো
বৈদেশিক ঋণের দায় শোধ করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন
ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধি
টেকসই প্রবৃদ্ধির ভিত তৈরি করা

তিনি আরও বলেন, “এই বাজেট কোনো ধরনের ‘ব্লাইন্ড এক্সপেনশন’ নয়। আমরা চাচ্ছি এমন একটি কাঠামো দাঁড় করাতে, যাতে দেশের অর্থনীতি একটি দীর্ঘমেয়াদি ভারসাম্যপূর্ণ পথে অগ্রসর হয়।”
আগামী এডিপি যাতে অর্থবছরের শুরু থেকেই কার্যকরভাবে বাস্তবায়ন হয়, এনইসি সভায় সে বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা বলেন, “আগের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, বাজেট অনুমোদনের পর কার্যকর করার মধ্যে যেন দেরি না হয়। তাই এ বছর থেকে প্রাথমিক স্তরেই বাস্তবায়ন প্রস্তুতি নিশ্চিত করা হবে।”


এ জাতীয় আরো খবর