সোমবার, মে ২৫, ২০২৬

কমে যাচ্ছে উন্নয়ন বাজেট: শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাটছাঁট,বাড়ছে পরিবহন খাতে ব্যয়

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-১৭ ২২:২৯:২৬
ফাইল ছবি

ঢাকা, ১৭ মে ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বড় ধরণের পরিবর্তনের মুখে। ইতিহাসে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের আমলে উন্নয়ন বাজেট ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে আনছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। পরে তা কিছুটা হ্রাস পায়। কিন্তু এবার নতুন সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে প্রস্তাবিত এডিপি থেকে বড় অঙ্কের বাজেট ছাঁটাই করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমছে। শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে আড়াই হাজার কোটি টাকা। যদিও দুটি খাতই জনগণের মৌলিক চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বাজেট কাটছাঁট অন্তর্বর্তী সরকারে জনআস্থা ক্ষয়ের ঝুঁকি তৈরি করতে পারে। শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ হ্রাস ভবিষ্যতের মানবসম্পদ উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে-৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা। এরপর রয়েছে শিক্ষা খাত, যেখানে বরাদ্দ ধরা হয়েছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা।
বিশেষজ্ঞরা মনে করছেন, যোগাযোগ ও অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানো একটি রাজনৈতিক কৌশল হতে পারে, যা দৃশ্যমান উন্নয়নের বার্তা দিতে সহায়ক। তবে স্বাস্থ্য ও শিক্ষার মতো ‘অদৃশ্য বিনিয়োগ’ খাতে নজর কমে যাওয়াকে অনেকে হতাশাজনক হিসেবেই দেখছেন।
অন্য খাতের চিত্র-বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা থেকে পাওয়া খসড়া তথ্য অনুযায়ী, আগামী এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে। বরাদ্দের বিবরণ এমন:
গৃহায়ণ খাতে: ২২ হাজার ৭৭৬ কোটি টাকা
স্বাস্থ্য খাতে: ১৮ হাজার ১৪৮ কোটি টাকা
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৬ হাজার ৪৭২ কোটি টাকা
কৃষি: ১০ হাজার ৭৯৫ কোটি টাকা
পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: ১০ হাজার ৬৪১ কোটি টাকা
শিল্প ও অর্থনৈতিক সেবা: ৫ হাজার ৩৮ কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: ৩ হাজার ৮৯৪ কোটি টাকা

মোট প্রস্তাবিত ২ লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে স্থানীয় উৎস থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। আর প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি উৎস থেকে আসবে ৮৬ হাজার কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপির খসড়া অনুমোদন পাওয়ার কথা রয়েছে আগামীকাল। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার চাপে পড়ে বাজেট ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তবে শিক্ষাস্বাস্থ্য খাতে এই ধরনের সংকোচনের দীর্ঘমেয়াদি প্রভাব সরকারকে ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিকভাবে চড়া মূল্য দিতে হতে পারে।

 


এ জাতীয় আরো খবর