আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানিতে এসেছে নজিরবিহীন পরিবর্তন। আগের দুই আসরে যেখানে বাংলাদেশ মাত্র ১ লাখ মার্কিন ডলার পেয়েছিল, এবার সপ্তম স্থানে থেকেও পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার-বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ২০ লাখ টাকা। এই অঙ্ক শুধুই আগের তুলনায় বড় নয়, বরং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেও অনন্য এক অর্থনৈতিক প্রাপ্তি।
চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর সামনে রেখে আইসিসি এবার প্রাইজ মানি প্রায় দ্বিগুণের বেশি বাড়িয়েছে। যেখানে আগে চ্যাম্পিয়ন দল পেত ১৬ লাখ ডলার, এবার তারা পাবে ৩৬ লাখ ডলার। রানার্সআপ দলও পাবে ২১ লাখ ডলার, যা আগের চ্যাম্পিয়নের প্রাপ্তির চেয়েও বেশি।
এছাড়া,তৃতীয় স্থানে থাকা ভারত পাবে ১৪ লাখ ৪০ হাজার ডলার,
চতুর্থস্থানে নিউজিল্যান্ড পাবে ১২ লাখ ডলার,
এবং পঞ্চম ও ষষ্ঠস্থানে থাকা দলগুলো যথাক্রমে ১০ ও ৮ লাখ ডলার পাবে।
তালিকার নিচের দলগুলোও (সপ্তম থেকে নবম) এবার পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। যেখানে আগের দুই আসরে এই দলগুলোকে সমান ১ লাখ ডলার দেওয়া হতো, এবার সপ্তম স্থান পাওয়া বাংলাদেশ পেয়েছে তার ৭ গুণ বেশি।
বিশ্ব ক্রিকেটে টেস্ট ফরম্যাটের গুরুত্ব বাড়াতে ও টেস্ট চ্যাম্পিয়নশিপকে আর্থিকভাবে আরও আকর্ষণীয় করতে এই পদক্ষেপ নিয়েছে আইসিসি। এছাড়া সম্প্রচার রাজস্ব ও টেস্ট ক্রিকেটে ফের উত্সাহ ফিরিয়ে আনার অংশ হিসেবেও এই প্রাইজ মানির পুনর্বিন্যাস ধরা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই বরাদ্দ শুধু খেলোয়াড়দের জন্যই নয়, বরং দেশের ক্রিকেট বোর্ডগুলোর আর্থিক শক্তি ও টেস্টে আগ্রহ বাড়ানোর জন্য বড় অনুঘটক হতে পারে।
বাংলাদেশ এবারের চক্রে বড় কোনো জয় না পেলেও ধারাবাহিক পারফরম্যান্স এবং কিছু গুরুত্বপূর্ণ ড্রয়ের মাধ্যমে সপ্তম স্থান নিশ্চিত করেছে। ফলে পুরস্কার অর্থ হিসেবে পেয়েছে ৭ লাখ ২০ হাজার ডলার, যা দেশের টেস্ট ক্রিকেট উন্নয়নের জন্য বড় সহায়ক হতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এই অর্থের একটি অংশ জাতীয় দলের উন্নয়ন খাতে ব্যয় করা হবে এবং বাকি অংশ চলে যাবে বোর্ডের সাধারণ তহবিলে।
এবারের ফাইনাল আরও এক ঐতিহাসিক মোড় নিচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে প্রথমবারের মতো ফাইনালে উঠা দক্ষিণ আফ্রিকার। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ১১ জুন শুরু হবে এই মর্যাদার লড়াই।
দুই দলের এই মুখোমুখি লড়াইয়ে যেমন কৌশল আর ধৈর্যের টেস্ট হবে, তেমনি থাকবে ৩৬ লাখ ডলারের ট্রফি যুদ্ধ-টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে বিশ্ব ক্রিকেটের আর্থিক ও মনোসংযোগের কেন্দ্র এখন এই ফাইনাল।