বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

জাপানকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে সুইডেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১১ ২৩:২৩:৩০

জাপানকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে সুইডেন। শুক্রবার নিউজিল্যান্ডের ইডেন পার্কে ২-১ গোলের জয় পেয়েছে দলটি। দিনের অপর খেলায় একই ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো শেষ চার নিশ্চিত করে স্পেনও।
এ নিয়ে টানা দুইবার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হলো সুইডিশদের। আর এই পথে তারা হারিয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে। শেষ ষোলোতে  নারী ফুটবল বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্টকে হারানোর পর আজ তারা হারাল ২০১১ আসরের চ্যাম্পিয়ন জাপানকে।
এদিন শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। প্রথমার্ধের ৩২তম মিনিটে গোল করে সুইডেনকে এগিয়ে দেন অ্যামান্ডা ইলেস্টেড। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক গোলরক্ষক সেভ করলেও ফিরতি শট আর পারেননি। 
প্রথম ৪৫ মিনিটে বেশ কয়েকটি জোড়ালো আক্রমণ করলেও জাপান গোলমুখে শট নিতে পারেনি একটিও। এই সুযোগে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় সুইডেন। সুইডেনকে সফল স্পট কিকে দ্বিতীয়বার এগিয়ে দেন ফিলিপা অ্যাঞ্জেলডাল।
জাপান খেলায় ফিরে আসার সুযোগ পায় ৭৬ মিনিটে। তবে রিকো উয়েকির নেওয়া জোরালো শট ক্রসবারের নিচের অংশে লেগে গোল লাইনের বাইরে গিয়ে পড়ে। ৮৬ মিনিটে আবার হতাশ হয় জাপানিরা। অবা ফুজিনোর শট ক্রসবারে লেগে ফিরে আসে।
নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে গোল ব্যবধান কমালেও পরের দিকে আর সমতার গোলটি দিতে পারেনি জাপান। তাতে ২-১ গোলের জয় নিশ্চিত হয় সুইডেনের।
১৫ই আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে সুইডেন। আজ দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো শেষ চারে ওঠে স্পেন।

 


এ জাতীয় আরো খবর