বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শেয়ারবাজারে কারসাজি: নায়ক থেকে নিন্দিত-সাকিবসহ সিন্ডিকেটের ২৯ কোটি টাকার জালিয়াতি ফাঁস

  • নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • ২০২৫-০৫-১৫ ১৫:১৬:১৭
ফাইল ছবি

ক্রিকেট মাঠে তিনি ছিলেন দেশের গর্ব, কিন্তু শেয়ারবাজারে এসে হলেন বিতর্কের কেন্দ্রে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার জড়ালেন শেয়ারবাজারে কারসাজির কেলেঙ্কারিতে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে, সোনালী পেপারের শেয়ারদর নিয়ে কৃত্রিম মূল্যবৃদ্ধি ঘটিয়ে অন্যদের সঙ্গে মুনাফা কুড়ানোর দায়ে।
বিএসইসি’র এপ্রিলে প্রকাশিত এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট বলছে, সাকিবসহ ১৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মোট ২৯ কোটি টাকা জরিমানার কবলে পড়েছে। তদন্তে দেখা গেছে, তারা ২০২১ সালের দুটি ভিন্ন সময়ে সোনালী পেপারের শেয়ারের দাম ১২৬ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়-৯৫৭ টাকা ৭০ পয়সা পর্যন্ত।
তাদের কারসাজির মাধ্যমে কুড়ানো হয় ৩৩ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা, যার বাইরেও প্রায় ৫৫ কোটি টাকার সম্ভাব্য লাভ রয়ে যায় অদৃশ্য ঘরে।
সাকিবের সঙ্গে শাস্তির তালিকায় আছেন-আবুল খায়ের (হিরু), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফারিদ ও ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বশর, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটঅ্যাভিয়ন ও জাভেদ এ মতিন।
তদন্তে দেখা গেছে, এই দলটি একটি সংঘবদ্ধ সিন্ডিকেট হিসেবে কাজ করেছে। তারা একযোগে বড় অর্ডার দিয়ে শেয়ারের দাম বাড়িয়েছে এবং পরে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হওয়ার পর সেই শেয়ার চড়া দামে বিক্রি করে বাজার থেকে বিপুল মুনাফা তুলেছে।
বিএসইসিকে দেওয়া এক লিখিত বিবৃতিতে সাকিব দুঃখ প্রকাশ করে বলেন, “আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। এটি ইচ্ছাকৃত নয়, অজ্ঞতা থেকেই হয়েছে। ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব।”
কিন্তু বাজার বিশ্লেষকরা বলছেন, একাধিকবার শেয়ারবাজারে সম্পৃক্ত থেকেও ‘অজ্ঞতার’ যুক্তি দিয়ে দায় এড়ানো যায় না। একজন পেশাদার বিনিয়োগকারী বা উদ্যোক্তার, বিশেষত সাকিবের মতো একজন গণমানুষের তারকার, এই 'ভুল'কে আর সহজভাবে দেখার সুযোগ নেই।
না, মোটেও নয়। বিএসইসি জানায়, শুধু সোনালী পেপারই নয়, এপ্রিল মাসেই চারটি ভিন্ন কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় মোট ২৪ ব্যক্তিকে ৫৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুর রহমান, যিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কারসাজির দায়ে ১ কোটি ৯৭ লাখ টাকা জরিমানা গুনেছেন।
ক্রিকেটের সাদা পোশাকে যে মানুষটি হাজারো অনুপ্রেরণার উৎস, সেই সাকিব এখন সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে দণ্ডিত। ২০১৯ সালে আইসিসির নিষেধাজ্ঞা থেকে শুরু করে একের পর এক বাণিজ্যিক বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি-গোল্ড ব্যবসা, ব্যাংক প্রতিষ্ঠা, হোটেল–রিসোর্ট ব্যবসা, এবং এখন শেয়ার কারসাজি।
বিশ্লেষকরা বলছেন, সেলিব্রিটিরা যখন নিয়ম-নীতি ভাঙেন, তখন তার প্রভাব হয় বহুগুণ বেশি-বিশ্বাস ভাঙে, দৃষ্টান্ত তৈরি হয়।
এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ বিনিয়োগকারীদের, যারা বাজারে সততা ও নিয়মের ভিত্তিতে টাকা বিনিয়োগ করেন। সিন্ডিকেট-নিয়ন্ত্রিত এই মূল্যবৃদ্ধি ও পতনের খেলায় তাঁরা হারান তাঁদের সঞ্চয়।
বাজার বিশ্লেষক আমানুল্লাহ কবির বলেন, “সেলিব্রিটিরা শেয়ারবাজারে আসতে পারেন, কিন্তু তাদের অবস্থান যেন মুনাফার নামে ম্যানিপুলেশনের হাতিয়ার না হয়।”

 


এ জাতীয় আরো খবর