বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নোবেল পুরস্কার পাব, তা ভাবিনি-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মৃতিচারণ করলেন ড. ইউনূস

  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৫-০৫-১৪ ১৮:৩১:১৭
ছবি সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চে দাঁড়িয়ে ফিরে গেলেন প্রায় পাঁচ দশক আগের সেই সময়টায়-যখন দেশের দুর্ভিক্ষে কাঁপা জনজীবনে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদে ক্ষুদ্রঋণের বীজ বপন করেছিলেন তিনি। আর সেটিই একদিন তাঁকে এনে দেয় শান্তিতে নোবেল পুরস্কার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে বুধবার (১৪ মে) বক্তৃতা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেন, “১৯৭৪ সালের দুর্ভিক্ষ আমার জীবনে বড় একটি ধাক্কা ছিল। মানুষের জন্য কিছু একটা করতে চেয়েছিলাম। তখনই ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করি। কখনো ভাবিনি, এর জন্য একদিন নোবেল পুরস্কার পাব।”
১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন ড. ইউনূস। নিজ কর্মস্থলে ফিরে এসে স্মৃতিচারণ করে বলেন, “এটা আমার আপন জায়গা। এখান থেকেই সব শুরু। বিশ্ববিদ্যালয়ের এই মাঠে দাঁড়িয়ে আজকের এই সম্মান আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।”
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে। উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই ডিগ্রি তুলে দেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন।
বক্তৃতায় ড. ইউনূস বলেন, “আজকের অর্থনীতি ব্যবসার কেন্দ্রিক। অথচ মানুষের কথা কেউ ভাবছে না। এই সভ্যতা টিকে থাকবে না। আমাদের এমন এক নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, যার কেন্দ্রে থাকবে মানুষ ও মানবতা।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই পৃথিবীর ভবিষ্যৎ ঠিক করবে। গবেষণার লক্ষ্য হতে হবে পৃথিবীকে রক্ষা করা। গবেষণা যেন উদ্দেশ্যহীন না হয়।”
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল ড. ইউনূসের চট্টগ্রামে প্রথম সফর। সমাবর্তনের পাশাপাশি তিনি অংশ নেন নানা সভা ও মতবিনিময় কর্মসূচিতে। 

 


এ জাতীয় আরো খবর