মঙ্গলবার, মে ২৬, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলীতে নতুন দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-১৪ ১৬:১২:৩৩
ছবি সংগৃহিত

চট্টগ্রাম, ১৪ মে ২০২৫
চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলী উপজেলায় দুটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একইসঙ্গে কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি জানান।
বুধবার (১৪ মে) চট্টগ্রামের সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হয়, যা চিকিৎসা ব্যবস্থায় চাপ তৈরি করছে। তিনি বলেন, “চমেক হাসপাতালে দিনে প্রায় ৫ হাজার রোগী আসে, অথচ এর ধারণক্ষমতা মাত্র ২ হাজার ২০০। অনেক সময় মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত রোগীকেও ফ্লোরে বা টয়লেটের পাশে চিকিৎসা নিতে হয়।”
এই চাপ কমাতে হাটহাজারী ও কর্ণফুলী উপজেলায় নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। এতে পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলের রোগীরা দ্রুত সেবা পাবেন।
তিনি আরও বলেন, “চট্টগ্রামে এখনো কোনো ডেন্টাল কলেজ বা ডেন্টাল হাসপাতাল নেই। এ ঘাটতি পূরণে কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল গড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার প্রতিনিধি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

 


এ জাতীয় আরো খবর