ফুটবলের রাজপুত্র, বিশ্বকাপজয়ী অধিনায়ক, ক্লাব ও জাতীয় দলের ইতিহাস গড়া নায়ক-লিওনেল মেসি। যাকে এক যুগ নয়, প্রায় দুই যুগ ধরে বিশ্বের সেরা বলেই মনে করা হয়েছে। অথচ সেই মেসিকেই এবার নিজের করা সেরা তিন ফুটবলারের তালিকায় রাখলেন না তার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি।
প্রথমে শুনলে রীতিমতো চমকে ওঠার মতো। স্কালোনি মানেই তো মেসির ছায়ায় বিশ্বজয়ী এক ছককাঠামোর রূপকার। কিন্তু স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের টকশো “Ciro Vía Real”-এ অতিথি হয়ে এসে এক প্রশ্নের জবাবে সেই ধারণায় খানিকটা ভাঙন ঘটালেন আর্জেন্টাইন কোচ।
সেরা তিনে নেই ‘সর্বকালের সেরা’, কিন্তু কেন?
প্রশ্ন ছিল সরল-এই মুহূর্তে বিশ্বের সেরা তিন ফুটবলার কারা? মেসির নাম আসবে ধরে নিয়েছিলেন অনেকেই। কারণ এই নামটাই তো গত ১৫ বছরে এমন প্রশ্নের সবচেয়ে স্থায়ী উত্তর। কিন্তু স্কালোনি তার উত্তরে রাখলেন-কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, এবং লাওতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজ-তৃতীয় স্থানটি এই দুই আর্জেন্টাইনের মধ্যে ঝুলন্ত।
মেসিকে বাদ দিলেন কেন? তার উত্তরটিও শোনা গেল সহজ স্বরে, কিন্তু গভীর অর্থে:
“মেসিকে রাখছি না কারণ সে নিজেই হয়তো এতে বিরক্ত হবে।”
এ কথায় আছে আত্মসম্মান, আছে বন্ধুত্ব, আবার আছে এক যুগের অবসানের ইঙ্গিত।
স্কালোনি কি বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিলেন?
মেসি নিজেই বহুবার বলেছেন, “আমি শুধু খেলি, সেরা হওয়ার জন্য নয়।” কিন্তু তবুও তার নাম মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। তাই স্কালোনির এই সিদ্ধান্ত, এমনকি মেসির সম্মান রক্ষার্থে হলেও, এক প্রকার প্রতীকী বিদায়।
কারণ ব্যাখ্যার আড়ালে উঠে আসে বড় এক বাস্তবতা-মেসি এখন আর শারীরিক ফর্মে, পরিসংখ্যানে বা প্রতিযোগিতার ধারাবাহিকতায় সেই আগের জায়গায় নেই। চলতি মৌসুমে গোল ১০টি, অ্যাসিস্ট ২টি-এই পরিসংখ্যান মন্দ না হলেও ‘মেসিসুলভ’ নয়।
‘নতুন যুগ’-এর ত্রয়ী: এমবাপ্পে, ইয়ামাল, আর কে?
স্কালোনির সেরা তিনের তালিকা বলছে নতুন এক যুগ শুরু হয়েছে।
এমবাপ্পে, যিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও হারলেন, কিন্তু এখনও আগামীর ফ্রেমে সবচেয়ে উজ্জ্বল চেহারা।
লামিন ইয়ামাল, মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার পেশাদার খেলোয়াড়দের ছাপিয়ে যাওয়া এক বিস্ময়, যে কিনা ভবিষ্যতের কথা নয়, বরং বর্তমানেও রাজত্ব শুরু করে দিয়েছে।
তৃতীয় স্থান নিয়ে আলোচনায় লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-দুজনেই স্কালোনির দলে মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকে।
মেসির অনুপস্থিতি: অসম্মান নয়, বরং শ্রদ্ধারই রূপ
তালিকায় নাম না থাকলেও মেসির অবদান অস্বীকার করছেন না স্কালোনি। বরং তার কথার মাঝেই যেন লুকিয়ে রয়েছে এক নিঃশব্দ সম্ভাষণ-“তুমি এমন উচ্চতায় উঠে গেছো, যেখানে তালিকা অর্থহীন। সেরাদের তালিকায় নয়, তুমি ইতিহাসের পাতায়।”
এই না রাখা মানে বাদ দেওয়া নয়, বরং প্রস্থানকে সম্মান জানানো। যেখানে কিংবদন্তির আসন আলাদা করে রাখা হয়, গ্ল্যাডিয়েটরদের তালিকার বাইরে।
সময়ের কাছে মাথা নোয়ালেও ইতিহাসের কাছে অমর
স্কালোনির সিদ্ধান্তে ফুটবলবিশ্বে অনেকেই হয়তো মিশ্র প্রতিক্রিয়া জানাবেন। কিন্তু এই সিদ্ধান্তে একরাশ আবেগও রয়েছে-একজন শিক্ষক তাঁর ছাত্রকে ইতিহাসের অংশ হিসেবে তুলে দিচ্ছেন। বর্তমানের আলোয় নতুন নামেরা ঝলমল করুক—কিন্তু ছায়ার মতোই তাদের পেছনে দাঁড়িয়ে থাকবেন এক লিওনেল মেসি।
তালিকার বাইরে থেকেও তিনি রয়েছেন। এবং থাকবেন। কারণ সেরাদের তালিকা বদলায়-কিন্তু কিংবদন্তিরা চিরকালীন।