দেশের ইতিহাসে ছাত্র-জনতার আন্দোলনে স্কাউটদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, “রাষ্ট্রের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামে স্কাউট সদস্যরা বুক চিতিয়ে লড়েছে, এ আন্দোলনে স্কাউটদের মধ্যে থেকে আটজন শহিদ হয়েছেন-যা আমাদের গর্বের অংশ।”
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে স্কাউটস জাতীয় সদর দপ্তরে গার্ল-ইন-স্কাউটিং দিবস, আন্তর্জাতিক নারী দিবস ও আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা শারমীন আরও বলেন, “স্কাউটরা শুধুই একটি সংগঠনের সদস্য নয়, তারা শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্ববোধের প্রতীক। তাদের মধ্যে থেকে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে-এমনটাই প্রত্যাশা।”
তিনি জানান, নারীর প্রতি সহিংসতা ও সাইবার বুলিং প্রতিরোধে সরকার একটি ‘সোশ্যাল ফোর্স’ গঠনের পরিকল্পনা নিয়েছে। এ ফোর্স ভিকটিমদের কাছে গিয়ে সহায়তা করবে, প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবে। স্কাউট সদস্যদের মধ্য থেকে কয়েকশ তরুণীকে এই ইউনিটে যুক্ত করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ল-ইন-স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মাহেনুর জাহান। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক ও গার্ল-ইন-স্কাউটিং জাতীয় উপকমিটির যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার রুপা।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, স্কাউটিং শুধু সহশিক্ষা নয়-এটি একটি জীবনঘনিষ্ঠ শিক্ষা, যা ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক গড়ে তোলে।