রিফাত আলারী! আশা বেঁচে আছে; স্বপ্নও জেগে আছে---কেবল তুমি নেই, তোমার ঘরবাড়ি, পরিবার কিছুই নেই---কিন্তু তোমার পরিচয়, তোমার পঙতির দৃঢ়তা, প্রতিবাদ, প্রজ্ঞা ওরা কেড়ে নিতে পারেনি!
মাহমুদ দারবিশের ভিটেমাটির মত, তোমার ঘরবাড়ি সমেত তোমাকেও কেড়ে নিয়েছে দখলদার, বর্বর, অসভ্য জানোয়ার! তুমি যদি আবু তোহার মতো, দারবিশের মতোন ভিটেবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে চলে যেতে; অন্তত তোমার জীবন বেঁচে থাকতো।
বেঁচে থাকতো অগুনতি মুক্তিকামী ফিলিস্তিনের মুখের সাথে তোমার দ্রোহী প্রতিজ্ঞাময় মুখ।
কবিতার জোরালো পঙক্তিতে ফুটতো আরও নীল, লাল গোলাপ।
গোলাপি বাগানে বসে বোমাবারুদবোধহীন এক বিকেল উপহার দিতে, সাথে দিতে শান্তি ও ভালোবাসার পদ। যে পয়গাম, যুদ্ধবাজ দুনিয়ার বাইরে থেকে যেতো; যেখানে যুদ্ধ চলে না, প্রাণীকুল প্রশান্তির সুখে শুধু---মানুষ, অমানুষের যুদ্ধ দেখে আফসোস করে বলে,
ওরা যুদ্ধ করে কেন? মানুষের মতো সুন্দর এই মুখশ্রীর হাসি ওরা কেড়ে নেয় কেন?
ওরা সুন্দর এই পৃথিবী অশান্ত করে কেন?
আলারী হেসে, প্রাণীকুলের আফসোস আর দীর্ঘশ্বাস ছাড়া, কেন'র উত্তর মেলে না...!
কিন্তু একটা উত্তর সবার জানা --এই পৃথিবীতে আবার একদিন, শুধুই লাল গোলাপ ফুটবে!
সমুদ্র, আকাশ, যমীন সব শামে জড়ো হবে একসাথে ---শেষ বিচারের মুখোমুখি হতেই হবে, সকলের সকল কিছুর জবাব দিতে হবে।