ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের উত্তাল আবহে হঠাৎ থমকে গিয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন আচমকা বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের বিদ্যুৎ, নিরাপত্তা ঝুঁকির কথা বলে স্থগিত করা হয় পুরো আসর। সেই স্থগিতাবস্থা থেকে এবার ঘুরে দাঁড়াচ্ছে ক্রিকেট। ফের মাঠে গড়াতে চলেছে আইপিএল।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, আগামী ১৭ মে শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। পুনরায় শুরুর ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চলতি আসরের বাকি ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং ৩ জুন হবে ফাইনাল।
সোমবার (১২ মে) রাতে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, “সরকার, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে বিস্তৃত আলোচনা এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সম্মতির ভিত্তিতে আমরা আইপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছি।”
নতুন সূচি অনুসারে কিছু পরিবর্তন আনা হয়েছে ভেন্যু তালিকায়। মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ এবং আহমেদাবাদ-এই ছয় শহরে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। তবে বাদ পড়েছে চেন্নাই, হায়দরাবাদ এবং মুল্লানপুর। এর ফলে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস নিজেদের বাকি হোম ম্যাচগুলো অন্য ভেন্যুতে খেলতে বাধ্য হবে।
বিশেষভাবে, পাঞ্জাব কিংস তাদের তিনটি বাকি ম্যাচ খেলবে জয়পুরে, যার মধ্যে একটি ম্যাচ (৮ মে বাতিল হওয়া দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে) পুনরায় হবে ২৪ মে।
পরিমার্জিত সূচিতে একমাত্র ১৮ মে (রবিবার) রয়েছে দুটি ম্যাচ। অন্য দিনগুলোতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭:৩০টায়। কোয়ালিফায়ার ও এলিমিনেটরের তারিখগুলো ঠিক করা হয়েছে যথাক্রমে ২৯ মে, ৩০ মে এবং ১ জুন, এবং ফাইনাল হবে ৩ জুন।
প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি, তবে সম্ভাব্য বিকল্প হিসেবে আহমেদাবাদ ও মুম্বই শীর্ষে রয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বিদেশি ক্রিকেটার ইতিমধ্যেই ভারত ছেড়েছেন। বিসিসিআই এখনও নিশ্চিত করতে পারেনি-কে কে ফিরছেন, বা আদৌ ফিরছেন কি না। বিশেষ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটারদের জন্য জটিলতা বাড়িয়েছে সামনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যা ১১ জুন শুরু হবে।
ক্রিকেটপ্রেমীরা যেখানে লিগের পুনরায় শুরুতে উচ্ছ্বসিত, সেখানে নিরাপত্তা, বিদেশি অংশগ্রহণ এবং ঘরের মাঠের অনুপস্থিতি কিছু প্রশ্ন রেখে যাচ্ছে। চেন্নাই ও হায়দরাবাদের সমর্থকদের মধ্যে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে বিশ্লেষকদের মতে, বিসিসিআই ঝুঁকি না নিয়ে টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষাকেই প্রাধান্য দিয়েছে। এক সপ্তাহের বন্ধের পর ফের টিভি পর্দায় দেখা যাবে কোহলি, রোহিত, গিল, রাসেলদের লড়াই-এটাই আপাতত বড় খবর।