বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শুভ জন্মদিন ফুটবলার আসলাম

  • মেসবা খান
  • ২০২৫-০৫-১১ ২৩:২৯:৩৫

ঢাকার মাঠে এত গোল ক্ষুধা আর কোনো স্ট্রাইকারের ছিল না। মাঠে নামার পর মুহূর্ত থেকেই গোল করার জন্য শিকারি বাঘের মতো তিনি হন্যে হয়ে ঘুরতেন। নানান কৌশলে আদায় করে নিতেন গোল। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে তাঁর মতো এত গোল আর কেউ করতে পারেননি।
বলছি দেশসেরা ফুটবল স্ট্রাইকার আসলামের কথা - 
তাঁর পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। আসলাম তাঁর খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড় ছিলেন।
১৯৭৭–৭৮ মৌসুমে ভিক্টোরিয়া ক্লাবের হয়ে তিনি তাঁর খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। গোল করেছিলেন চৌদ্দটি। 
এরপর ১৯৮০–৮১ মৌসুমে তিনি বিজেএমসি তে যোগদান করেন। বিজেএমসিতে তিন মৌসুম অতিবাহিত করার পর তিনি ঢাকা মোহামেডানে চলে আসেন।
সবশেষে আসলাম ১৯৮৪–৮৫ মৌসুমে ঢাকা আবাহনীতে যোগদান করেন। আবাহনীর হয়ে দশ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেন।
জন্ম ১৯৬২ সালের ১১ মে খুলনায়। সেখানেই তিনি তাঁর শৈশব ও কৈশোর অতিবাহিত করেছেন। সাত ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ। উচ্চ মাধ্যমিক পাস করেছেন তিনি সুন্দরবন কলেজ থেকে। 
ছোটবেলায় ফুটবলের প্রতি তাঁর আকর্ষণ ছিল ভীষণ। গাছের গাব চুরি করে একুশ টাকা দিয়ে প্রথম শিয়ালকোটের বল কিনেছিলেন। তাঁর বড় মামা ফুটবলার ওয়াসিফুর রহমান এবং বাবার সমর্থনে তিনি ফুটবল খেলায় আগ্রহী হয়ে উঠেন।
১৯৮৩ সালে আসলাম আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন।
১৯৯১ সালে তিনি কলকাতা ফুটবল লীগে ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন।
ব্যক্তি জীবনে আসলাম ও মোনা দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। স্ত্রী মোনা ভিকারুননিসা নূন স্কুলের ইংরেজির শিক্ষয়িত্রী।
আজকের এই বিশেষ দিনটিতে জীবন্ত কিংবদন্তি ফুটবলার আসলামের জন্য রইল শুভ কামনা। 
 

 


এ জাতীয় আরো খবর