শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বানিজ্য মেলা উদ্বোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১০ ২১:৫০:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বানিজ্য মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।  শনিবার (১০মে)  বিকাল সাড়ে ৫টায় জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে  বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ। জেলা চেম্বার এই মেলার আয়োজন করেছে।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম। উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,মেলা কমিটি আহব্বায়ক এবং চেম্বার সহ-সভাপতি খাইরুল ইসলাম সহ অতিথিরা।
এ সময় জেলা প্রশাসক বলেন,সবদিক বিবেচনা করেই মেলা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে। জেলা শহরে দুটি ষ্টেডিয়াম থাকায়  খেলাধুলোর ক্ষতি হবে না বলে আশা করা হচ্ছে। মেলা শেষে মাঠ সংস্কারের পর এটি বুঝিয়ে নেয়া হবে।
চেম্বার সভাপতি বলেন, বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশে উৎপাদিত পণ্য জনগণের সামনে তুলে ধরতে সকল বিধি বিধান মেনে জাতীয় ক্রীড়া পরিষদ এবং স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে  বিভিন্ন শর্ত পূরণ করে এই মেলা  আয়োজন করা হয়েছে । মেলায় শতাধিক স্টল ও ১৬টি প্যাভিলিয়ন এবং শিশু-কিশোরদের বিনোদনের জন্য ২০টি বিভিন্ন ধরণের রাইড রয়েছে।  চলমান এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে মেলায় উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে না। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে । মেলায় শালীনতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
চেম্বার সভাপতি আরও বলেন, জেলা শহরে রুচিসম্মত বিনোদন ও সুন্দর সময় কাটানোর তেমন কোন ব্যবস্থা নেই বললেই চলে। জেলাবাসীকে দেশীয় পণ্য প্রদর্শণ এবং ক্রয় করার  সূযোগ দেয়ার জন্য এই মেলার আয়োজন। তাঁরা বিনোদন এবং সুন্দর সময় কাটানোর সূযোগ পাচ্ছেন। আনন্দ উপভোগ করছেন।  
প্রথম দিন মেলা ঘুরে দেখা গেছে মানুষের উপচে পড়া ভীড়। তবে এখনও বেশিরভাগ স্টল নির্মান সম্পন্ন হয়নি।  মেলায় রয়েছে, প্রসাধনী, চশমা,ক্রোকারিজ, ইরেখট্রনিক হোম এ্যাপ্লায়েন্স,খেলনা, গার্মেন্টস,জুতা, আমজাত পণ্য ও খাবার, গার্মেন্টটস, ব্যাগ ব্যারাইটি ষ্টোর সহ বিভিন্ন পণ্যের ষ্টল।

 


এ জাতীয় আরো খবর