সোমবার, মে ২৫, ২০২৬

নাইজেরিয়ায় মহাসড়কে রক্তস্নান: সন্ত্রাসী হামলায় নিহত ৩০, বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে অ্যামনেস্টি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৫-১০ ১৩:৪০:০৮
ছবি সংগৃহিত

 ১০ মে ২০২৫
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইমো রাজ্যে ঘটে গেল সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ গণহত্যা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে সশস্ত্র হামলায় কমপক্ষে ৩০ জন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, এই হামলার পেছনে রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘ইন্ডিজেনাস পিপল অব বিয়াফ্রা’ (আইপিওবি)-এর সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, “এই হামলা শুধু ভয়াবহ নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। নাইজেরিয়া সরকারকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।”
এদিকে ইমো রাজ্যের পুলিশ মুখপাত্র হেনরি ওকোয়ে হামলার বিষয়টি নিশ্চিত করলেও নিহতের সঠিক সংখ্যা জানাতে অস্বীকৃতি জানান। তবে তিনি জানিয়েছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন হামলাকারী নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি ব্যস্ত মহাসড়কে ব্যারিকেড বসিয়ে যাত্রীবাহী যানবাহনে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা আরও বাড়ে।
ঘটনার পরই পুরো এলাকাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে নাইজেরিয়া পুলিশ। আশপাশের বনাঞ্চল ও গ্রামগুলোতে সশস্ত্র সদস্য মোতায়েন করে সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নামে বেসামরিক জনগণের ওপর হামলা শুধু মানবিক বিপর্যয় নয়, বরং তা দেশটির ভঙ্গুর অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে আরও দুর্বল করে তুলছে।

 


এ জাতীয় আরো খবর