এক সময় যা কেবল স্বপ্ন ছিল, এখন তা বাস্তবতার খুব কাছাকাছি। ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফেরার পথে নতুন আশার আগুন জ্বালালো হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। শুক্রবার রাতে প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের দরজায় কড়া নাড়ল তারা।
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ছিলেন দলের প্রাণকেন্দ্রে। সুশৃঙ্খল পাসিং, বল কন্ট্রোল আর ট্যাকলিংয়ের দ্যুতি ছড়িয়ে পুরো ম্যাচে নেতৃত্ব দিলেন মধ্যমাঠে। আর তার ছন্দেই যেন নেচে উঠল ‘দ্য ব্লেডস’রা।
ব্রিস্টলের অ্যাশটন গেটে খেলার শুরু থেকেই আধিপত্য ছিল শেফিল্ডের। প্রথমার্ধের ইনজুরি টাইমে হ্যারিসন ব্রোসের সফল পেনাল্টিতে এগিয়ে যায় দলটি। এরপর দ্বিতীয়ার্ধে আন্দ্রে ব্রুকস ও কলোম ও’হ্যারের গোল দলকে দেয় কাঙ্ক্ষিত জয়ের নিরাপত্তা।
শুধু ফল নয়, বল দখল (৬২%), গোলের উদ্দেশে শট (১১টি), পাস সফলতার হার-সবকিছুতেই এগিয়ে ছিল শেফিল্ড ইউনাইটেড।
এ জয়ে এখন ১৩ মে’র ফিরতি লেগে ২ গোলে হারলেও ফাইনালে পৌঁছাবে তারা।
চ্যাম্পিয়নশিপে ১৪৩ দিন টানা শীর্ষ দুইয়ে থেকে লড়াই করেছে শেফিল্ড। কিন্তু শেষের হোঁচটে বার্নলি ও লিডস ইউনাইটেডের সরাসরি প্রমোশনের স্বপ্ন হাতছাড়া হয়। ফলে বাধ্য হয়েই তাদের নিতে হয় প্লে-অফের বন্ধুর পথ।
এই পথ অতীতে ছিল কাঁটায় ভরা। পাঁচবার প্লে-অফ খেলেও কোনোবারই প্রিমিয়ার লিগের চূড়ায় পৌঁছাতে পারেনি দলটি।
তবে এবার দৃশ্যপট আলাদা।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘অপ্টার’ সুপারকম্পিউটার অনুযায়ী, এবার শেফিল্ডের প্রমোশনের সম্ভাবনা সর্বোচ্চ-৭২%।
ইতিহাস লিখতে প্রস্তুত হামজা।হ্যাঁ, আর মাত্র একটি ধাপ।
১৩ মে’র ম্যাচ পার করতে পারলেই, ২৪ মে’র ফাইনালে দেখা যাবে শেফিল্ড ইউনাইটেডকে-যেখানে প্রিমিয়ার লিগে ফেরার জন্য থাকবে শেষ লড়াই।
হামজা চৌধুরী এর আগে ইংলিশ ফুটবলে লেস্টারের হয়ে নজর কেড়েছিলেন। এবার নেতৃত্বে, পারফরম্যান্সে, দৃঢ়তায় তিনি হয়ে উঠেছেন শেফিল্ডের নতুন ভরসা। তার হাত ধরেই হয়তো ফিরবে দলটির হারানো গৌরব, পূরণ হবে দীর্ঘ প্রতীক্ষার প্রিমিয়ার লিগ স্বপ্ন।