শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ভারত-পাকিস্তান সংঘাতের ছায়া,অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

  • নিউজ ডেস্ক
  • ২০২৫-০৫-০৯ ১৩:৩০:০৬
ছবি সংগৃহিত

৯ মে ২০২৫, শুক্রবার
ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সাময়িক নয়, পুরোপুরি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো চলমান আইপিএল ২০২৫। ক্রিকেট মাঠের উত্তাপ ছাপিয়ে যে রাজনৈতিক বাস্তবতা এসে দাঁড়িয়েছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড সূত্র।
বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল হওয়ার পর থেকেই টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তার কুয়াশা ঘনিয়ে ওঠে। ম্যাচ বাতিলের প্রকৃত কারণ প্রথমে প্রকাশ না করা হলেও, ভেতরের খবর বলছে-আকাশে ড্রোন শনাক্ত হওয়া ও সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে পুরো স্টেডিয়াম এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
পিটিআই-এর খবরে জানা যায়, ঘটনার পরপরই একাধিক বিদেশি ক্রিকেটার নিজেদের দেশে ফিরতে চেয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন।
শুক্রবার সকালেই জরুরি বৈঠকে বসে বিসিসিআই এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটি। বৈঠক শেষে বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানান, “এই অস্থির পরিবেশে খেলা চালিয়ে যাওয়া মানে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের জীবন ঝুঁকিতে ফেলা। আমরা দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন,“পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সম্ভাব্য নতুন সময়সূচি নিয়ে ভাববো। কিন্তু এই মুহূর্তে তা অসম্ভব।”

ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইপিএল শুধু একটি খেলাধুলার আসর নয়, এটি একটি বিশাল বাণিজ্যিক ইকোসিস্টেম। এই ধরনের স্থগিতাদেশে টিভি সম্প্রচার, স্পনসর, ফ্র্যাঞ্চাইজি ও স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে। তবুও প্রাণরক্ষা যে সবার আগে-সেই বার্তাই দিল বিসিসিআই।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে শুধু কূটনীতি নয়, সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রেও এর প্রতিফলন পড়বে। ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এখন শুধুই সীমান্তে সীমাবদ্ধ নয়-এর ছায়া পড়ছে আইপিএলের মতো গ্লোবাল ব্র্যান্ডেও।


এ জাতীয় আরো খবর