কবিবরেষু রবিঠাকুর
কবিবরেষু রবিঠাকুর-
শিলং থেকে শিলাইদহের মেঠো পথ অতিক্রম করে,
প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ সঞ্চয় করে
যে সাহিত্য সম্ভার আপনি বাঙালির মননে এবং প্রাণে অর্পণ করেছিলেন।
সেটা কেবল বাঙালির হৃদয়কে নন্দিত করেনি,
বিশ্ববাসীর প্রাণেও আপনার সাহিত্য সম্ভার বন্দিত হয়েছে।
আপনার অবদানে গর্বিত আজকের বাঙালিয়ানা তথা ভারতবর্ষের মানুষ,
গর্বিত হয়েছে বিশ্বমানব যাত্রী।
আপনার নিরলস প্রচেষ্টায় বাংলা ভাষা জগৎসভায় আজও শ্রেষ্ট আসনে ভূষিত।
এখনও পৃথিবীর মানুষ চেতনার রঙে পান্নাকে সবুজ রঙেই দেখে।
বর্তমানের মানবযাত্রী আপনাকে পাথেয় করে
সাংস্কৃতিক মঞ্চ থেকে বিদ্যালয় গৃহ পর্যন্ত
তাদের রুজির ভিত্তিটা সুদৃঢ় ও সাবলীল করে গড়ে তুলেছে।
রবিঠাকুর, আপনার মনে আছে-
আপনি নাইট উপাধি হারাননি, কেবল ত্যাগ করেছিলেন!
জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড আপনাকে বেশ ব্যাথিত করেছিলো!
সেই ব্যাথার উদ্রেক প্রকাশ করতে গিয়ে গীতিমাল্যের ৪৫ সংখক গানের দ্বারা বুঝিয়ে ছিলেন-
'এই মনিহার আমার নাহি সাজে'!
কবিবরেষু-
আজ আমরা দুটো গৌরব আপনার অজান্তেই হারিয়ে ফেলেছি!
প্রথমত- আপনার মহাপ্রয়ানে আমরা কবি রবীন্দ্রনাথকে হারিয়েছি!
দ্বিতীয়ত- আমরা হারিয়েছি আপনার বিশ্বজয় করে অর্জিত পরম সাধনার ধন নোবেল পুরস্কার!
সদা সর্বদা সতর্ক সজাগ দৃষ্টি পথ অতিক্রম করে
'নোবেল' বাঙালির সঞ্চয়ন থেকে আজ হারিয়ে গিয়েছে!
এই বিপুল ক্ষতিতে ভুলত্রুটির বিষয়ে আমি অবগত নই!
কেবল জানি- আপনি ছিলেন দ্রষ্টা,
আপনি ছিলেন ভবিষ্যত বক্তা।
বাঙালী মনে প্রাণে শতবর্ষ পর আপনাকে সংস্কৃতির আঙিনায় স্মরণ রাখবে-
একথা আপনি সাবলীল ভাবে জানলেও,
দেড়শো বছর পর আপনার নোবেল পুরস্কার খোয়া যেতে পারে-
সে সম্পর্কে আপনি স্পষ্ট করে অথবা অস্পষ্ট ভাবে
কোনো প্রকার সম্যক ধারণা দেননি!
কিংবা নোবেল পুরস্কার খোয়া গেলে
পুনরুদ্ধারের বিকল্প পথ যদি জানিয়ে যেতেন
তবে এই জঘন্য অপরাধ থেকে বাঙালিরা আজ বিপদমুক্ত হতে পারতো!
আপনার মনে রাখা উচিত ছিল-
বাঙালি আজও আপনাকে শয়নে স্বপনে স্মরণ করে।
আপনার চিন্তায়, আপনার চেতনায় বাঙালি আজও অতিমাত্রায় রাবীন্দ্রিক!
আপনার চেতনার বাইরে বাঙালির নিজস্বতা বলতে যেটুকু প্রাপ্তি ঘটেছে তা আজ কেবল -
আপন প্রাণ বাঁচানোর তত্ত্ব!
আজ সারা বাংলা জুড়ে চলছে কেবল মিটিং, মিছিল আর আন্দোলন!
অগণিত মানুষ পা মেলায় জনতার ভিড়ে!
প্রসঙ্গ নানাবিধ চাকরি চাই, বাসস্থান চাই,
বাংলা বাঁচাও, খুন, ধর্ষণ, চারিদিকে কেবল মোমবাতি মিছিল!
কেউ কেউ আন্দোলন শেষে বাড়ি ফিরে,
কেউবা আবার পদপৃষ্ট হয়ে মারা যায়!
রবিঠাকুর, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি!
যারা খোয়া যাওয়া নোবেল আটকাতে পারেনা-
তারা চিৎকার করে গলা মেলায় বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও!
কোনোদিন শুনিনি আপনার নোবেল উদ্ধারের জন্য কেউ পথে নেমে মিছিলে হাঁটছে!
কোনোদিন দেখিনি আপনার নোবেলের জন্য-
কেউ পথে মোমবাতি মিছিল পা মিলিয়েছে!
কেবল মুখ খুঁজে বেড়াই, মুখ, মানুষের মুখ, মানবিক মুখ!
প্রতিবাদী মুখ গুলোকে কেবল প্রতিবাদে দেখিনি!
দেখেছি রবীন্দ্রজয়ন্তী মঞ্চে!
আহ্বান শুনেছি- এসো হে বৈশাখ এসো এসো,
দেখেছি ফুলে ফলে ঢোলে ঢোলে পড়তে!
কেবল দেখিনি ওই মুখগুলোকে আপনার নোবেল উদ্ধারের জন্য তীব্র সোচ্চারে পা মেলাতে!
এ কেমন বাংলার সংস্কৃতি!
এ কেমন বাংলার মুখ!
এ কেমন রবীন্দ্রপ্রীতি!
আজ সারা বিশ্বের মানুষ দেখছে বাংলার কঙ্কালসার বিকৃত চেহারা!
জানি রবিঠাকুর, আপনার নোবেল ফিরে পাওয়ার জন্য আর জনতার মিছিল হবেনা!
একটি প্রতিবাদী ঝড় গর্জে উঠবেনা!
কারণ প্রকৃতির রুদ্র তান্ডবে মোমবাতি নিভে যায় বার বার!
আজ বাঙালির মনন থেকে ধীরে ধীরে অবলুপ্তি ঘটছে রবীন্দ্র রচনা সমগ্র!
বাঙালি মনন থেকে মুছে যাচ্ছেন আপনি!
খোয়া গিয়েছে আপনার প্রাপ্ত নোবেল পুরস্কার!
আজ কেবল জানি আপনার সব আশালতা নির্মূল হয়ে যাচ্ছে!
ক্ষয়ে যাচ্ছে আপনার শিলং পাহাড়!
পাড় ভাঙছে আপনার শিলাইদহ নদী!
চুন খোসে পড়ছে আপনার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহল!
গৌরব হারাচ্ছে আপনার শান্তিনিকেতন!
রবিঠাকুর, আপনার খোয়া যাওয়া প্রাপ্ত নোবেল পুরস্কার আজ যেখানেই থাক
কেবল বিক্ষত নয়,
অক্ষত থাক অক্ষত থাক...।