প্রথম লেগে হেরেও আশা বাঁচিয়ে রেখেছিল আর্সেনাল। সেই আশায় প্যারিসে গিয়ে শেষমেশ স্বপ্ন ভাঙার কষ্টই কুড়াতে হলো ইংলিশ ক্লাবটিকে। পার্ক দে প্রিন্সেসে দুর্দান্ত খেলেও ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো গানারদের।
দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ালো ৩-১। আর সেই সঙ্গেই বহু কাঙ্ক্ষিত ফাইনালে জায়গা করে নিল ফরাসি জায়ান্ট পিএসজি। এবার তারা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইন্টার মিলানের।
দোন্নারুম্মার দেয়াল আর রুইজ-হাকিমির বাজিমাত
আর্সেনাল আক্রমণ করলেও গোলরক্ষক দোন্নারুম্মার দেয়াল ভাঙা যায়নি সহজে। একের পর এক শট ফিরিয়ে প্রথমার্ধে জাল অক্ষত রাখেন তিনি।
৩৫ মিনিটে ফ্যাবিয়ান রুইজের দুর্দান্ত এক ভলিতে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করলেও তারা হার মানেনি। ৭২ মিনিটে হাকিমির বাঁকানো শটের জবাব দিতে পারেনি আর্সেনাল।
সাকার চেষ্টা,ফল আসেনি
৭৬ মিনিটে বুকায়ো সাকার গোলে একটু স্বস্তি ফেরে আর্সেনাল শিবিরে। কিন্তু চার মিনিট পর সহজ এক সুযোগ হাতছাড়া করে ফের ব্যাকফুটে চলে যায় দলটি।
তারকাহীন পিএসজির ইতিহাস
এক সময় পিএসজি ছিল মেসি-নেইমার-এমবাপ্পের তারকায় ভরপুর। কিন্তু তাদের বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন, দলটি আর পারবে না। অথচ এবার তারকাহীন দলটাই পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে।
শেষবার ২০২০ সালে ফাইনাল খেলেছিল তারা। এবার আবার সেই মঞ্চে।
এক রোমাঞ্চকর রাত, তুমুল লড়াই আর অনেক চেষ্টার পরেও মিকেল আর্তেতার আর্সেনাল পারলো না। ফাইনালের মঞ্চে এখন পিএসজির নতুন ইতিহাস লেখার অপেক্ষা।