বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

তুমি কবি (কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ)

  • বীথিকা ভট্টাচার্য
  • ২০২৫-০৫-০৮ ২২:১৮:১৯

কলম কালি,তুলির টানে,বিশ্বে তুমি ঝড় তোলো,
শব্দ কথায়,ছন্দ ছড়ায়,অন্তরে মোর দোর খোলো  
       বিশ্ব ব্যাপী তোমার প্রকাশ, 
       বাংলার রবি উদার আকাশ । 
ব্যপ্তি তোমার আদিগন্ত, সপ্ত সাগর সুরে দোলো। 

বাংলার মান, বাংলার প্রাণ, বাংলার হৃদি মন্দিরে,  
মুখে মুখে আছো কতনা ছন্দে, সুরে সুরে বাজো অন্তরে,
     প্রকৃতি মায়ের আঁচলের ছায়ে, 
     প্রাণের ভাষায় রয়েছো জড়ায়ে,
কাব্য কবিতা লেখনী ও ছড়ায় তুমিই আছো মন জুড়ে।

নব নব কত বর্ণে শব্দে,শত রূপে তুমি বিভাসিত,
নোবেলজয়ী হে মহা কবি, প্রাণে প্রাণে সুরে বন্দিত।   
     কত না কণ্ঠে বাজো হে ছন্দে,  
     ছবিতে, নাটকে, গীতে ও নৃত্যে ,
প্রাঞ্জল তুমি, উজ্জ্বল তুমি, ধরিত্রী মাঝে নন্দিত।

শিল্পী তুমি, স্রষ্টা তুমি, ভাস্বর তব জ্যোতি অগাধ, 
ফিরিয়ে দিলে নাইট উপাধি, অন্যায়ে  করে প্রতিবাদ,  
      সহজ পাঠে, শিশু ভোলানাথে, 
      শিশু মনে আছো তুমি হে নাথ।
নব নব রূপে মাধুরী ছড়াও, নির্মল  প্রাণনাথ।

তুমিই মহান, তুমি প্রেমিক তুমিই জগতের কবি রবি,
মহা মানবের সাগর তীরে ভাস্বর তব মহান ছবি,
        পঁচিশে বৈশাখ পুণ্য লগনে, 
        উঠেছিল রবি পূবের গগনে। 
পুণ্য ধরণী তোমায় পেয়ে, চরণে তব প্রনমি। 


এ জাতীয় আরো খবর