তুমি তো বৃষ্টি রোদ্দুর বাতাস কিছুই আটকাতে পারবেনা
শুধু মানুষকে আটকে দেবে বলে
নিজের বাগানের চারদিকে দেওয়াল তুলেছো !!
মানুষকে তোমার বড়ো ভয়,
মানুষকে ভয় করা মানে তো মনুষ্যত্বকে ভয় করা।
তোমার ভেতরকার মানুষটাকেও তুমি যে দিনেদিনে
মনুষ্যত্বহীন করে তুলেছো, যদিও সেটা তোমার অজান্তেই...
কতোবার বারণ করেছিলাম, শোনোনি।
তোমার ভয় ছিলো অন্যেরা এসে তোমার সাধের বাগান মুড়িয়ে দেবে,
তুমি কি মনে করো বাগানটা তোমার
আর বাগানময় যে ফুলেরা হেসে লুটিয়ে পড়ছে একে অন্যের ডালে
সে ফুল ফুটিয়ে তোলার মালিক তুমি?
নিজেকে ঈশ্বর মনে করো?
এই দ্যাখো ওরা কেমন সারাটা পৃথিবী জুড়ে বাগান বানিয়েছে,
পৃথিবীর যতো ফুল ফুটে আছে ওদের বাগানে।
আমি জানি ওরা নিজেদেরকে ঈশ্বর মনে করার আগে
ঈশ্বর ওদের নিজের বাগানে ঢোকার ছাড়পত্র দিয়েছেন
সমস্ত মানুষকে ওদের আত্মীয় করেছেন,
ওদের তাই কষ্ট করে আর দেওয়াল দিতে হয়নি
মনের গুমোরের দেওয়ালটাকে ভাঙতে হয়েছে শুধু।