রিয়াল মাদ্রিদ যেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সবচেয়ে বড় কাঁটা! মাঠের বাইরে এখন সবচেয়ে উত্তেজনাকর লড়াইটা হচ্ছে-কার্লো আনচেলত্তিকে কে দখলে রাখবে। একদিকে ব্রাজিল মরিয়া হয়ে অপেক্ষা করছে নতুন কোচ পেতে, অন্যদিকে রিয়াল ছাড়তে নারাজ আনচেলত্তিও চুক্তির পূর্ণ অর্থ আদায়ের অপেক্ষায়।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া, বার্সার কাছে কোপা দেল রে হার-সব মিলিয়ে রিয়ালের সাম্প্রতিক ফর্ম দেখে আশায় বুক বেঁধেছিল ব্রাজিল। তারা ভেবেছিল, আনচেলত্তির বিদায়ঘণ্টা এবার বাজবেই। কিন্তু রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দৃঢ় অবস্থানে থেকেছেন-তিনি আনচেলত্তিকে বহাল রেখেছেন। ফলে আবারও হতাশায় নিমজ্জিত ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীরা।
তবে এখানে গল্পটা থেমে যায়নি। সূত্র বলছে, রিয়াল ও ব্রাজিলের মধ্যে আনচেলত্তিকে নিয়ে সম্ভাব্য সমঝোতার আলোচনা চলছে। মূল বাঁধা হচ্ছে আনচেলত্তির চুক্তি। তিনি বরখাস্ত না হলে নিজে থেকে পদত্যাগ করতে রাজি নন, কারণ তাতে পুরো চুক্তিভিত্তিক বেতন থেকে বঞ্চিত হতে হবে। আর রিয়ালও চাইলেও চুক্তি ভাঙার ক্ষতিপূরণ দিতে নারাজ।
সিবিএফের টাইমলাইন এখন ক্যালেন্ডারে টিকচিহ্ন দিয়ে রাখা:
২৬ মে’র মধ্যেই তারা চূড়ান্ত কোচের নাম ঘোষণা করতে চায়, কারণ জুনেই তাদের মাঠে নামতে হবে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। তার আগে স্কোয়াড ঘোষণাও দরকার। তাই সময় ফুরিয়ে আসছে, কিন্তু আনচেলত্তির ভাগ্য এখনও ঝুলে আছে সান্তিয়াগো বার্নাব্যুতে।
এল ক্লাসিকো হতে পারে সিদ্ধান্তের মোড় ঘোরানো মুহূর্ত!
১১ মে'র ‘এল ক্লাসিকো’ ম্যাচে বার্সার বিপক্ষে যদি রিয়াল হেরে যায় এবং লা লিগা শিরোপার দৌড়ে ছিটকে পড়ে, তখন হয়তো পেরেজ ভাবতে পারেন নতুন কোচের কথা। তখনই হয়তো হাসি ফুটতে পারে ব্রাজিলের মুখে।
তবে এরই মধ্যে বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে সিবিএফ। আল-হিলাল কোচ জর্জ জেসুস ও পালমেইরাসের আবেল পেরেইরার সঙ্গে যোগাযোগ রাখছে তারা। কেননা অতীতে দুদফা আনচেলত্তিকে পেতে গিয়েও তারা ব্যর্থ হয়েছে-একবার ২০২২ কাতার বিশ্বকাপের পর, আরেকবার কোপা আমেরিকার আগে।
আপাতত ব্রাজিলের দৃষ্টি রিয়ালের পরবর্তী কয়েকটি ম্যাচে। সেখানেই নির্ধারিত হবে আনচেলত্তি নাটকের শেষ দৃশ্য-তিনি কি সান্তিয়াগো বার্নাব্যুর নীল-সাদা সাম্রাজ্য ছেড়ে রিও দে জেনেইরোর হলুদ সবুজ আলোয় পা রাখবেন?