খুলনায় এক প্রবাসীর ব্যাংক হিসাব থেকে প্রতারণার মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এক নারী ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মুগদা এলাকা থেকে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আফসানা শাহিন মুন্নি (৩৬) সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর ইস্পাহানি আবাসিক এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ সানোয়ার হোসাইন জানান, গ্রেপ্তারকৃত মুন্নিকে দুপুরে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা জুয়েল রানা তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন।
ভুক্তভোগী প্রবাসী আল হাদিস বাট্রির স্ত্রী আফসানা ইয়াসমিন তৃষ্ণা ১৮ এপ্রিল খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, মালয়েশিয়াপ্রবাসী আল হাদিস ২০২৩ সালের নভেম্বরে এসবিএসির খুলনা শাখায় অনলাইনের মাধ্যমে একটি হিসাব খোলেন। এরপর সেখানে সময়ক্রমে ১০ লাখ ২ হাজার টাকা জমা করেন।
তবে চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে অর্থ উত্তোলনের সময় ব্যাংক থেকে জানানো হয়, তার হিসাবে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে। এতে বিস্মিত হয়ে তিনি ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করলে দেখতে পান, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তার অনুমতি ছাড়াই আরটিজিএস পদ্ধতিতে ৭ লাখ টাকা একটি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
মূলত, আরটিজিএস পদ্ধতিতে অর্থ স্থানান্তরের জন্য হিসাবধারীর উপস্থিতি বাধ্যতামূলক হলেও, ভুক্তভোগী তখন বিদেশে অবস্থান করছিলেন। অভিযোগে বলা হয়, এই সুযোগ কাজে লাগিয়ে আসামিরা ভুয়া ব্যক্তি উপস্থাপন ও জাল কাগজপত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত আফসানা মুন্নির বিরুদ্ধে এর আগেও একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। একবার আইনশৃঙ্খলা বাহিনীর চাপে তিনি একজন গ্রাহকের অর্থ ফেরত দিতে বাধ্য হন। এসব অনিয়মের কারণে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করে।
ব্যাংকের বর্তমান ম্যানেজার হাফিজ আহমেদ জানান, তিনি সদ্য যোগ দিয়েছেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।