বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সাত ভেন্যু চূড়ান্ত, ফাইনাল লর্ডসে

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-০১ ১৫:১২:৫৩
ছবি সংগৃহিত

আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর এক বছর আগেই আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে ভেন্যুর তালিকা ও সময়সূচি। আইসিসির চেয়ারম্যান জয় শাহ বৃহস্পতিবার (১ মে) লর্ডসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
২০২৬ সালের ১২ জুন শুরু হয়ে এই বিশ্বকাপ চলবে ৫ জুলাই পর্যন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। মোট সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩৩টি ম্যাচ। এবারের আসরে অংশগ্রহণকারী দল সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। দুটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণকারী দলগুলো খেলবে লিগ পর্ব।
আগেই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে আয়োজক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চার দল আসবে বাছাইপর্ব খেলে।
লর্ডসে আয়োজিত ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিবির প্রধান নির্বাহী ইয়ান গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস, তারকা ক্রিকেটার ট্যামি ব্যুমন্ট, সোফিয়া ডাঙ্কলি, সোফি এক্লেস্টন, লরেন বেল এবং ইংল্যান্ডের রাগবি খেলোয়াড় ইলি কিলদুন্নে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “লর্ডস শুধু ঐতিহাসিক ভেন্যু নয়, এটি নারী ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। ২০১৭ নারী বিশ্বকাপের ফাইনালের স্মৃতি এখনও মানুষের মনে আছে। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও এখানে হওয়াটা সময়োপযোগী সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “এই টুর্নামেন্ট শুধু ক্রিকেট প্রেমীদের জন্য রোমাঞ্চ নয়, বরং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের আগাম প্রস্তুতির একটি অংশ বলেও বিবেচিত হবে।”

 


এ জাতীয় আরো খবর