সোমবার, মে ২৫, ২০২৬

পুলিশ সপ্তাহ ২০২৫ শুরু: বৈষম্যহীন বাংলাদেশ গঠনে 'জনবান্ধব' পুলিশের প্রত্যয়

  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৫-০৪-২৯ ১২:১৪:১৮
ছবি সংগৃহিত

‘আমার পুলিশ, আমার দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৫। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে এ বছরের আয়োজনের সূচনা হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের আয়োজনের মূল আকর্ষণ-তিন দিনব্যাপী কর্মসূচিতে পেশাগত দক্ষতা, জনসম্পৃক্ততা ও সেবার মনোভাবকে অগ্রাধিকার দিয়ে একটি বৈষম্যহীন ও আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হবে।

পদক পরিয়ে স্বীকৃতি
উদ্বোধনী দিনেই সাহসিকতা ও পেশাগত দক্ষতায় অনন্য অবদান রাখা ৬২ জন পুলিশ সদস্যকে সম্মাননা পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, “পুলিশ যদি জনগণের পাশে থাকে, জনগণও পুলিশকে শ্রদ্ধা করে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অন্যতম শর্ত ন্যায়নিষ্ঠ ও সহানুভূতিশীল পুলিশিং।”

বৈঠক, প্রেজেন্টেশন ও জনসম্পৃক্ততার প্রতিশ্রুতি
পুলিশ সপ্তাহ উপলক্ষে শুরু হয়েছে একাধিক পরিকল্পিত বৈঠক ও ইউনিটভিত্তিক প্রেজেন্টেশন কার্যক্রম। ৩০ এপ্রিল সকাল থেকে শুরু হয়ে একে একে এসবি, সিআইডি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এটিইউ—সব ইউনিট তাদের কাজের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবে।
এছাড়া মন্ত্রণালয় ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে নীতিনির্ধারণী বৈঠকের পাশাপাশি জনগণের সঙ্গে আস্থা ফিরিয়ে আনার উপায় নিয়েও থাকবে উন্মুক্ত আলোচনা।

আইজিপি ব্যাজ ও পুনর্মিলনী
১ মে অনুষ্ঠিত হবে পুলিশ মহাপরিদর্শকের ব্যাজ প্রদান অনুষ্ঠান, পাশাপাশি বসবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন। দিনটি ঘিরে আরও থাকবে অবসরপ্রাপ্ত ও বর্তমান কর্মকর্তাদের পুনর্মিলনী, নৈশভোজ এবং বার্ষিক সাধারণ সভা।

শেষ দিনের উৎসব
২ মে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাকের বার্ষিক সমাবেশ, আনন্দমেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এবারের পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিকতা।

জনবান্ধব পুলিশ ব্যবস্থার রূপরেখা
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এবারের সপ্তাহে শুধু সম্মাননা নয়, গবেষণাধর্মী পুলিশিং, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা-এই তিনটি ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেশজুড়ে পুলিশের কাজে জনগণের আস্থা বাড়াতে লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধে প্রশিক্ষণের পরিকল্পনাও তুলে ধরা হবে।


এ জাতীয় আরো খবর