রবিবার, মে ৩১, ২০২৬

পহেলগাম হামলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর নিন্দা, দায়ীদের বিচারের আহ্বান

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৪-২৬ ১৭:৫৪:১৫
ছবি সংগৃহিত

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার (২২ এপ্রিল) ভয়াবহ এ হামলায় ২৬ জনের প্রাণহানির পর ১৫ সদস্যবিশিষ্ট এই সংস্থা একটি প্রেস বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করে জানায়।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত অপরাধী, সংগঠক, অর্থায়নকারী ও পৃষ্ঠপোষকদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। একইসঙ্গে, হামলার সহযোগীদেরও বিচারের মুখোমুখি করার ওপর জোর দেওয়া হয়। পরিষদ সদস্যরা আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে, সংশ্লিষ্ট সব রাষ্ট্রকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
এ ধরনের প্রেস বিবৃতি সাধারণত পরিষদের সভাপতির মাধ্যমে প্রকাশ করা হয় এবং এতে সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হয়। বিশেষ করে উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে পাকিস্তানও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। ফলে এই বিবৃতির অনুমোদনে তাদের সম্মতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পহেলগামের এই হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। ভারত ও নেপাল সরকারকে দেওয়া সমবেদনায় পরিষদ বলেছে, সন্ত্রাসবাদের কোনো বৈধতা নেই এবং এ ধরনের হিংস্র কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
২২ এপ্রিলের এই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে ছুটিতে আসা সাধারণ পর্যটক। এই হামলার পর দক্ষিণ এশিয়াজুড়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে।

 


এ জাতীয় আরো খবর