কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শনিবার দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের শোপিয়ান, কুলগাম এবং পুলওয়ামা জেলায় এই অভিযান চালানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “হামলাকারীদের শেষ প্রান্ত থেকেও খুঁজে বের করা হবে” ঘোষণা দেওয়ার পর থেকেই দমন অভিযান আরও জোরদার হয়েছে।
নিরাপত্তা বাহিনীর দাবি, গুঁড়িয়ে দেওয়া বাড়িগুলোর মালিকরা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। পুলওয়ামার মুররান এলাকায় আহসান উল হক নামে একজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়, যিনি পাকিস্তানে সন্ত্রাসী প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানানো হয়েছে।
শোপিয়ানে শহীদ আহমেদ কুত্তের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাকে লস্কর-ই-তৈয়বার কমান্ডার বলে দাবি করছে ভারত। এছাড়া কুলগামের মাতালম ও পুলওয়ামার আরও কয়েকটি এলাকায় সন্দেহভাজনদের বাড়িতে অভিযান চালানো হয়।
এর আগে পহেলগাম হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আদিল হুসাইন ও আসিফ শেখের বাড়িও ধ্বংস করা হয়েছিল।
গত মঙ্গলবারের ভয়াবহ হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন। হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে, আর পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছে।