সময়গুলো শব্দ করে হাসে
হাসতে হাসতে উবু হয়ে বসে,
উবুর থেকে বাবু হতে হতে
সময়গুলো ঘুমোয় আবার শেষে ।
নিভন্ত প্রাণ ঘাড় ফিরিয়ে ওঠে
হাত ছড়িয়ে একমুঠো রোদ ধরে
সকাল হতেই ছুটতে থাকে খুব
সারাদিনের আলসেমি দূর করে।
এখন সময় তিন টানেতেই স্থির
স্থবিরতা কেড়েছে প্রাণ-মন
ইচ্ছে হলেই ওড়ে না আর ডানা
মুখ লুকিয়ে আসমানী-যৌবন।
এখন শুধু জখম নিয়ে বাঁচা
তাও সময় শব্দ করে হাসে
মৃত্যু যতই হিসেব করুক ভাগের
মানুষ তবু জীবন ভালোবাসে ।।