রবিবার, মার্চ ৮, ২০২৬

রাজনৈতিক মঞ্চে ইলিয়াস কাঞ্চন: আত্মপ্রকাশ করছে 'জনতার পার্টি বাংলাদেশ'-এর

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২৩ ১৮:৩৭:৫০
ফাইল ছবি

নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা, খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার সরাসরি রাজনীতির মাঠে নামছেন। দীর্ঘদিনের সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা এবার রূপ নিতে যাচ্ছে একটি রাজনৈতিক কাঠামোতে। আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নতুন রাজনৈতিক দল -"জনতার পার্টি বাংলাদেশ"।
এই ঘোষণা আসছে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, যেখানে দলটির মূলমন্ত্র, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপন্থা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ইলিয়াস কাঞ্চন তার জনপ্রিয়তার ঊর্ধ্বগামী ধারা এবং ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের দীর্ঘ পথচলার অভিজ্ঞতাকে ভিত্তি করে এই রাজনৈতিক উদ্যোগ নিচ্ছেন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর থেকে কাঞ্চন হয়ে উঠেছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখপাত্র। এবার সেই সংগ্রামী চেতনাকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিতে চলেছেন তিনি।
সূত্রমতে, ‘জনতার পার্টি বাংলাদেশ’ জনগণের মৌলিক অধিকার, সুশাসন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করবে। দলটির কাঠামোতে নতুন নেতৃত্ব এবং তরুণ সমাজের সম্পৃক্ততাকেও প্রাধান্য দেওয়া হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
রাজনীতিতে কাঞ্চনের এই অভিষেক দেশের রাজনৈতিক বৃত্তে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সড়ক নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো ইস্যুতে তাঁর দীর্ঘদিনের সক্রিয়তা আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে যে নেতৃত্বশূন্যতার আলোচনা চলছে, সেখানে ইলিয়াস কাঞ্চনের মতো একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি কতটা জনআস্থা অর্জন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

 


এ জাতীয় আরো খবর