রবিবার, মে ৩, ২০২৬

রা ব বা নী স র কা র

  • তোমার স্পর্ধা ছুঁয়ে দেখবো
  • ২০২৫-০৪-২৩ ০০:৩০:১২

যৌবনে এতটাই উন্মনা হয়েছো যে আমাকে দেখো না
নীল আঁচল উড়ছে, পাড়ের জরি চমকাচ্ছে রোদে
এলোচুল উড়ে উড়ে মুখ ঢাকছে ধৃষ্টতায়
অথচ তোমার কোনো ভ্রুক্ষেপ নেই
আমি ঠায় দাঁড়িয়ে আছি অলক্ষ্যে, সব দেখছি।

সন্দেহ হয়, ভাবি, তোমার এ সাজসজ্জা কার জন্য !
অন্য পুরুষের কথা মনে হলেই অনুসন্ধিৎসু হয়ে উঠি
সারা পাড়া খুঁজি, ছাদ খুঁজি, বেলকনি খুঁজি
কোন চোখ তোমাকে মোহদধির মতো চেটেপুটে খায়,
জানতে চাই, সেই চোখ কতটা সৌন্দর্য পিয়াসি
কত মনোহর স্তবগাঁথায় তোমার উপমা সাজায়।

চিবুক থেকে গলদেশ, ফর্সা খোলা পিঠ, নিতম্ব
কিংবা বুক থেকে মৃগনাভির উপকণ্ঠে কস্তুরি ঘ্রাণ
---- এসবই তোমার যুথবদ্ধ স্পর্ধার নমুনা,
বেলা গড়ালেই রাত্রি নামবে ঝিঁঝি ডাকা সুরে
আমি তখন জোনাক আলা হবো আঁধার হননে
তোমার স্পর্ধা ছুঁয়ে দেখবো শৈল্পিক অভিজ্ঞানে।


এ জাতীয় আরো খবর