যদি কাছে আসার সকল পথ এভাবেই হয় রুদ্ধ
ভালোবাসার একটি স্পর্শও আমাকে দিতে না পার
তোমার কথা বলার অবসরটুকুও কেড়ে নেয় সময়
তবুও আমি ঠিক তোমাকেই ভাববো।
জানি তুমি বেশ সংসারী হয়েছ
তোমার বুক পকেটে চিঠির জায়গা দখল করেছে বাজারের ফর্দ...
অবশ্য চিঠির যুগ শেষ হয়েছে কবেই
তুমিও হয়েছ আপডেট
ওসব এখন পুরনো কাগজ
কে আর জমিয়ে রাখে বলো?
আকাশ থেকে তারা এনে মালা বানানো
সেতো ছিল রূপকথার গল্প...
এখন তুমি কাঠবেলি এনে কারো খোঁপায় গুঁজো
কৃষ্ণ কালো চোখের বর্ষা তোমাকে ভেজায় না
রোজ তুমি কামনার সমুদ্রে স্নান করো।
একসাথে চলা একসাথে বলা সবই হয়েছে বাসি
জীবনের প্রয়োজনে তুমি অনেক এগিয়ে
একজন সফল মানুষ হিসেবে যথেষ্ট ব্যক্তিত্ব তোমার।
তথাপি ভুল বলা আর ভুল করা
সেতো তোমারই কাজ
তাইতো শুধু দেবী হয়েই রইলাম দেবালয়ে
আর লক্ষ্মী প্রতিমা তোমার ঘরে।
যদি এভাবেই দিন যায় যাক না
তবুও তোমাকেই আমি ভাববো।