ভাল্লাগেনার অসুখেতে ভুগছি আমি বেশ কিছুদিন
এমন সময় পেতাম যদি আলাদিনের প্রদীপ জিন!
হুকুম দিতাম খুশির দোলায় দোলে যেন এই ধরা
শোক তাপ মুছে যাক মুছে যাক সকল জরা।
রাজনীতির খেলা যত এবার না হয় থামুক
ধর্মান্ধর হুঁশ ফিরুক, জ্ঞানের প্রদীপ জ্বালুক।
জিন হেসে কয় হা হা করে, সেসব দিন কি আছে?
যখন তখন পাল্টি খায়, মানুষ বদলে গেছে।
জাদু মায়া ছলাকলা ওদের এসব জানা
আমায় দেখে বলে সেদিন,খুব নাকি যায় চেনা।
বলল এসে চুপিচুপি প্রদীপ খানি কোথা?
ঘষে মেজে দেবো ক্ষনে পুরানো সে প্রথা।
গোলাম হবে তুমি আমার হুকুম করবে তামিল
পকেট না হয় ভরিয়ে দেবো হলে দলে সামিল।
বুঝলে তবে সময় কেমন, মানুষের কি ধরণ
আমায় তুমি ছেড়ে দাও ধরি তোমার চরণ।
জানি তুমি ভুগছো রোগে ওদের মত নয়....
ভাল্লাগেনার অসুখ হলে ভীষণ বিপর্যয়।।