সোমবার, জুন ১৫, ২০২৬

স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে বেগবান করতে বড় ভূমিকা রেখেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-প্রধান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৮ ২২:৫৩:৩০

বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে বেগবান করতে বড় ভূমিকা রেখেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি সব ক্ষেত্রে বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস জুগিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন দৃঢ়চেতা মানসিকতার। পঁচাত্তরের ১৫ই আগস্টে ঘাতকদের কাছে তিনি প্রাণভিক্ষা চাননি।এসময় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও চার বিশিষ্ট নারীর হাতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক তুলে দেন প্রধানমন্ত্রী। 
বাঙালির মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
অনুষ্ঠানে বঙ্গমাতার জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ছোটবেলায় পিতা-মাতাকে হারানো বেগম ফজিলাতুন নেছা মুজিব খুব মানবিক এবং দৃঢ়চেতা মনোভাব নিয়ে বেড়ে ওঠেন। 
শেখ হাসিনা বলেন, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়ায় বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে জেলে যেতে হয়। তার অবর্তমানে আন্দোলনকে সংগঠিত করেছেন বেগম মুজিব। 
নিজের মায়ের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বলেন, জীবন মরণের সাথী হয়ে সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকেছেন বেগম ফজিলাতুন নেছা মুজিব। 
বঙ্গমাতার আদর্শ ও অনুপ্রেরণা নিয়ে নারীদের এগিয়ে যাওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ জাতীয় আরো খবর