সবার সাথে কবিতা নিয়ে কথা বলা যায় না ,
ক'জন বোঝে কবিতার ভাষা !
শব্দচাষির বড্ড অভাব আজকাল ।
এইতো সেদিন দুকলম লিখেছিলাম, মনে যা এসেছিল ।
ও বাবা ! সে কী হৈচৈ !
কবিতার মধ্যে কোথাও একটা শব্দ ছিল " ভালোবাসা "।
ফেসবুকের বদৌলতে কবিতাটা পড়েছিলেন হৃদয়বান এক প্রতিবেশী ,
পাঁচ কানে কথাটা ঘষামাজা হতে হতে এক সময় হাট হয়ে গেল।
বাড়ির কড়া নির্দেশ ওসব ছাইপাঁশ লেখা ছেড়ে দিতে হবে ,
মা'তো রীতিমতো কেঁদেকেটে একাকার ।
তবু লুকিয়ে-চুকিয়ে কলমের কর্ষণে করছি শব্দচাষ ,
ফলাতে পারিনি সমৃদ্ধ একটি কবিতা ।
কবি তো হতে পারবো না, শুধু মনের কথাগুলো খেরোখাতায় লিখে রাখা ।
তবুও আত্মতৃপ্তি, ভালো শব্দচাষি না হলেও যা ফলায় তাতেই ।
সেই থেকে কাব্যকথা নিয়ে কারো সাথে তর্কে জড়াই না ,
কারণ অনুভূতিতেই আমার ভাবনা জাগে
যা একান্তই আমার ভাবনা।