সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

শুভ জন্মদিন সব্যসাচি রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১৬ ২২:২৭:৩৬

মুজাহিদুল ইসলাম সেলিম একজন বাম রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক (সিপিবি) সভাপতি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
সেলিম স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ 'ডাকসু'র প্রথম ভিপি নির্বাচিত হন।
জন্ম ১৯৪৮ সালের ১৬ এপ্রিল ঢাকার অদূরে সাভারে। বাবা মোসলেহ উদ্দিন খান ছিলেন সরকারি কর্মকর্তা আর মা উম্মে হানী খানম ছিলেন নারীনেত্রি ও সমাজসেবক।
স্কুল জীবনে স্কাউটসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। স্কুলের ছাত্র থাকাকালীন ১৯৬৬ সালে আইয়ুব খানের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে সেলিম কারাবরণ করেন।
কলেজে পা দিয়েই সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন বামপন্থী ছাত্র আন্দোলন ও রাজনীতিতে। এ সময় তিনি গোপনে কমিউনিস্ট পার্টির সঙ্গেও যুক্ত হন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।
              মুক্তিযুদ্ধে অবদান
মুক্তিযুদ্ধে তিনি ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
              রাজনৈতিক জীবন
ছাত্র জীবন শেষে সেলিম পার্টি জীবনকে বেছে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ক্ষেতমজুরদের সংগঠিত করার কাজে মনোযোগ দেন। তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত শতাব্দীর নব্বই দশকের শুরুর দিক থেকে সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
পরে ২০১২ সালে পার্টির দশম কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে প্রায় আট বছর কারাবরণ ও আত্মগোপনে ছিলেন এই নেতা।
ব্যক্তিগত জীবনে সেলিম এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
                   রচিত গ্রন্থ
‘রাজনীতির নানা প্রসঙ্গ’, ‘মার্কসবাদ একটি চিরায়ত দর্শন’, ‘বিকল্পের কোনো বিকল্প নেই’সহ বিভিন্ন গ্রন্থের প্রণেতা। এছাড়া রাজনীতির ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন পত্রিকায় কলামও লিখছেন।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 


এ জাতীয় আরো খবর